সকল বাধা মোকাবিলা করে একতা এগিয়ে যাবেই

Posted: 09 আগস্ট, 2026

৫৭ বছরে আজ একতার বার্তা বহনকারী একতা। এই দীর্ঘ সময়ে একতা কৃষকের কথা, শ্রমিকের কথা, তাদের দুঃখ বেদনা-দুঃসহ জীবন যন্ত্রণার কথা যেমন তুলে ধরেছে, তেমনই প্রগতির শক্তি, বিপ্লবের শক্তির অঙ্গীকার আর অংশগ্রহণের ছবিও হাজির করেছে। ছাত্র-যুব-নারী সমাজ, সাংস্কৃতিক ও পেশাজীবী বিভিন্ন স্তরের মানুষও তাদের বার্তা পেয়ে এসেছে এ পত্রিকার মাধ্যমে। এ ধরনের পত্রিকাকে অনেক দুর্গম কঠিন পথ পাড়ি দিতে হয়, অনেক প্রতিবন্ধকতাকে মোকাবিলা করে এগুতে হয়। কর্পোরেট হাউজের পুঁজির গাড়ি চেপে এর গতি তৈরী হয়না। তারপরও বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির ঐকান্তিক ইচ্ছা ও সহযোগিতায় এর পথ চলা থেমে যায়নি। ৫৭ বছরে পদার্পণ করে এর প্রচার প্রসার আরও বিস্তৃত হবে, আরও বেশী জনগণের আশা ভরসা ও তার বাস্তবায়নের শক্তির পদচারণার ছবি ও খবর অনেক বেশী দৃষ্টিগোচর হবে। আমি এ প্রত্যাশায় একতার প্রকাশক, সম্পাদক ও কর্মীবৃন্দ সবাইকে অভিনন্দন জানিয়ে আশা রাখি তারা জনগণের প্রত্যাশা পূরণে আরও সক্রিয়তা ও ভূমিকা প্রদর্শনে সক্ষম হবেন। বাম প্রগতির ঝাণ্ডাকে আরও দৃশ্যমান করতে একতাকে দৃশ্যমান রাখবেন। একতার জন্য শুভকামনা। লেখক : উপদেষ্টা, বাসদ, কেন্দ্রীয় কমিটি