সাপ্তাহিক একতা গণমানুষের পত্রিকা : সিপিবি
Posted: 02 আগস্ট, 2026
বগুড়া সংবাদদাতা :
সিপিবির মুখপত্র সাপ্তাহিক একতা’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভার আয়োজন করে পার্টির বগুড়া জেলা কমিটি। জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় গত ৩১ জুলাই বিকাল ৫টার দিকে উদীচী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, সাপ্তাহিক একতা শুধু সিপিবির মুখপত্র নয়, একতা গণমানুষের পত্রিকা। একতা শুধু নিপীড়িত-নির্যাতিত মানুষের সংবাদ প্রকাশ করে প্রতিনিধিত্ব করার পাশাপাশি এদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামসহ সকল গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সিপিবি বিশ্বাস করে, সমাজ পরিবর্তনের সংগ্রাম শুধু রাজপথে নয়-চিন্তা, সংস্কৃতি, শিক্ষা ও গণমাধ্যমের ক্ষেত্রেও লড়াই করতে হয়। মানুষের চিন্তার জগতে পরিবর্তন আনতে না পারলে শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। তাই সাপ্তাহিক একতার মতো গণমুখী সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রত্যাশা করি- একতা তার নামের যথার্থতা প্রমাণ করে
শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের ঐক্যের কথা বলবে, শোষণ-বৈষম্যের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা আরও জোরদার করবে।
সভায় আলোচনা করেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, সিপিবি বগুড়া জেলা কমিটির সদস্য অখিল পাল, শ্রীকান্ত মাহাতো, আমিনুল ইসলাম হিরু, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সভাপতি বায়েজিদ রহমান প্রমুখ।