মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের সিলেট-তামাবিল সড়ক অবরোধ
Posted: 02 আগস্ট, 2026
একতা প্রতিবেদক :
চা-শ্রমিকের দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
গত ২৫ জুলাই সকাল সাড়ে ৯টায় সিলেটের খাদিম চা-বাগানে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় এরপরে চা-শ্রমিকরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন। এসময় খাদিম চা-বাগানের শ্রমিকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাঁতীর সভাপতিত্বে এবং সংগঠনের সমন্বয়ক মনীষা ওয়াহিদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, সংগঠনের উপদেষ্টা সৈয়দ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক দীপ্ত নায়েক, বুরজান চা-কারখানার শ্রমিকনেতা সুশান্ত চাষা প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারমূল্যের সঙ্গে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি চরম অমানবিক। প্রতি বছর মাত্র ৮ টাকা মূল্য বৃদ্ধি চা-শ্রমিকদের সঙ্গে তামাশা। বর্তমান দৈনিক মজুরি ১৮৭ টাকায় জীবনধারণা অসম্ভব হয়ে পরেছে। খেয়েপড়ে বেঁচে থাকার জন্য সম্মানজনক ন্যায্য মজুরি প্রতিটি চা-শ্রমিকের প্রাণের দাবি।
সমাবেশে বক্তারা আরও বলেন, এভূখন্ডে চা-শ্রমিকরা বসবাসের ২০০ বছর হতে চললেও, চা-শ্রমিকরা আজও ভূমিহীন। ভূমির মালিকানা না থাকায় নাগরিক বিভিন্ন সুযোগ-সুবিধা এবং অধিকার থেকে চা-শ্রমিকরা আজও বঞ্চিত। তাই চা-শ্রমিকদের ভূমির মালিকানা আজ সময়ের দাবি।
চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র প্রধান সমন্বয়ক এস এম শুভ বলেন, চা-শ্রমিকরা রাষ্ট্রীয় বৈষম্যর শিকার। স্বাধীন দেশের নাগরিক হয়েও চা-জনগোষ্ঠী মৌলিক নাগরিক অধিকার থেকে আজও বঞ্চিত। চা-শ্রমিকরা আধুনিক দাসত্বের জীবনযাপন করছেন। দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী চা-শ্রমিকরা সবচেয়ে কম মজুরিতে কাজ করেন। দৈনিক ৫০০ টাকা মজুরির জন্য চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। লড়াইয়ের মাধ্যমেই নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। মজুরি বৃদ্ধি সহ দশ দফা দাবি আদায়ে বাগানে বাগানে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি সবুজ তাঁতী বলেন, আজকে আমরা স্বল্প সময়ের মধ্যে রাজপথ ছেড়ে দিলেও, সরকারকে হুশিয়ারি দিচ্ছি, পরেরবার দাবি আদায়ের আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না। খাদিম চা-বাগানের লোহার পুল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাগানের সড়ক প্রদক্ষিণ করার পরে চা-শ্রমিক সিল-তামাবিল সড়ক অবরোধ করেন। অবিলম্বে ৫০০ টাকা মজুরি বৃদ্ধি, ৫% মজুরি বৃদ্ধির গেজেট বাতিল এবং সিবিএ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে চা-শ্রমিকরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।