বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য একই স্থানে পুনঃস্থাপনের দাবি

Posted: 26 জুলাই, 2026

একতা প্রতিবেদক : ঝিনাইদহে বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য স্থানীয় প্রশাসন কর্তৃক ভেঙে ফেলা ও অপসারণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। ২২ জুলাই গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে সংবাদপত্রে দেওয়া বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠী ’২৪-এর গণঅভ্যুত্থান দিয়ে ’৭১-এর মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করার ঘৃণ্য অপচেষ্টা চালিয়েছিল। তারা মুক্তিযুদ্ধের পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্নসমূহ ভেঙে ফেলা ও ধ্বংসের খেলায় মেতে উঠেছিল, যা আজও অব্যাহত রয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনাও তারই ধারাবাহিকতা। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বিশ্বাসী স্থানীয় রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন ও হামিদুর রহমানের পরিবারের সদস্যদের বিরোধিতা সত্ত্বে¡ও স্থানীয় জেলা প্রশাসন গায়ের জোরে ভাস্কর্যটি বর্তমান স্থান থেকে অপসারণ করতে তৎপর। বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলসমূহের মতামতকে অগ্রাহ্য করে এ লক্ষ্যে একটি পকেট কমিটিও করেছে জেলা প্রশাসন, সরকারি দলের ছত্রছায়ায় বিলবোর্ড ও বিজ্ঞাপন ব্যবসায়ী এবং স্বাধীনতা বিরোধী জামায়াত গংদের নিয়ে যারা ঐ চত্তর দখল করতে চায়। বিবৃতিতে নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের অকুতোভয় সৈনিক বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য বর্তমান স্থান থেকে না সরানোর জন্য সরকার প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ও স্মৃতিচিহ্ন ধ্বংসকারী স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় সকল ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পাটির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। একই স্থানে পুনঃস্থাপনের দাবি ক্ষেতমজুর সমিতির ঝিনাইদহের প্রবেশ মুখে মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মরণে নির্মিত ভাস্কর্য ও চত্বর একই স্থানে পুনঃস্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার বলেন, ’২৪ সালের ৫ আগস্টের পর মব তৈরির মাধ্যমে স্বাধীনতাবিরোধী শক্তি সারাদেশে অসংখ্য মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও শহীদদের সমাধিসৌধ ভাঙচুর করেছিল। ঝিনাইদহের ঘটনা তখনকার স্বাধীনতাবিরোধী অপশক্তির সেই কথাই মনে করিয়ে দেয়। যা বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের কাছে কোনোভাবেই কাম্য নয় এবং এই ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে দেশের সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে দ্রুত তা একই স্থানে পুনঃস্থাপনের দাবি করেছে। নেতৃবৃন্দ দ্রুত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাষ্কর্য ও চত্বর সহ যেসকল মুক্তিযুদ্ধের ভাষ্কর্য ভাংচুর করা হয়েছে সেগুলো সংস্কারের জন্য সরকারের প্রতি জোর দাবি করেন।