হাম : মৃত্যু ৮০০ ছাড়িয়েছে

Posted: 26 জুলাই, 2026

একতা প্রতিবেদক : বাংলাদেশে চলমান হামের প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, চলতি বছরে বিশ্বের সবচেয়ে বড় হামের প্রাদুর্ভাবগুলোর একটি এখন বাংলাদেশে। দেশজুড়ে টিকাদান কর্মসূচি চালানো হলেও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদফতরের (ডিজিএইচএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮১০ জনে। এর মধ্যে ৭১৫ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এবং পরীক্ষাগারে ৯৫ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। চলতি বছরের হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১ হাজার ২০০ জনের। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭ জনের। অর্থাৎ মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ২০৭ জন। তবে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সব রোগীর পরীক্ষা না হওয়ায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।