সংসদ ভবনে আমেরিকার স্বাধীনতা দিবস আয়োজন প্রতিবাদ সিপিবির
Posted: 19 জুলাই, 2026
গাইবান্ধা সংবাদদাতা :
বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের প্রতিবাদে ও আমেরিকার সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলা কমিটি।
গত ১১ জুলাই বিকেল ৫টায় শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে জেলা সিপিবির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, গোলাম রব্বানী মুসা, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।
নেতৃবৃন্দ সরকারি দল ও বিরোধী দলের নেতাদের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাম্রাজ্যবাদী আমেরিকার স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের তীব্র নিন্দা জানান। সেই সাথে তারা আমেরিকার সাথে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলেরও জোর দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেষ হয়।