রাজবাড়ীতে উদীচীর বর্ষা উৎসব

Posted: 19 জুলাই, 2026

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে কথা, গান, কবিতা আবৃত্তি ও নাচের মধ্যে দিয়ে বর্ষা উৎসব উদযাপিত হয়েছে। শহরের আজাদী ময়দান এলাকায় উদীচী মিলনায়তনে গত ১১ জুলাই বিকালে এই উৎসবের আয়োজন করা হয়। জাতীয় সংগীতের মধ্যে বর্ষা উৎসবের সূচনা করা হয়। এরপর পরিবেশন করা হয় সমবেত কণ্ঠে সংগীত সংগীত। জেলা উদীচীর সাধারণ সম্পাদকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জেলা উদীচীর সংগীত বিষয়ক সম্পাদক আবদুল জব্বার। এরপর বর্ষা নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি চলতে থাকে সমবেত সংগীত, একক সংগীত, কবিতা আবৃত্তি ও নাচ। সবশেষে বিভিন্ন দেশীয় ফল দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়। বর্ষা নিয়ে স্মৃতিচারণ করেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আবদুস ছামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক এম. দেলোয়ার হোসেন, উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, সহকারী অধ্যাপক অপূর্ব কুমার দাস। সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আজিজুল হাসান। গান পরিবেশন করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন, জেলা উদীচীর সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্রনাথ দাস, সংগীত বিষয়ক সম্পাদক আবদুল জব্বার, দপ্তর সম্পাদক সুমা কর্মকার, বাউল আওয়াল হোসেন, সুমী দাস বৈচিত্র্য সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, জলসা সিদ্দিকী। অনুষ্ঠানে রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের ক্ষুদে শিল্পীরা ‘আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য অভিনয়শিল্পী শিখা কর্মকার, সুশীল সরকার, কবি রাবেয়া লিপি। নৃত্য পরিবেশন করে সৃজিতা বিশ্বাস মিঠি। তবলায় সহযোগিতা করেন উদীচীর সহকারী সাধারণ সম্পাদক গৌতম বসু ও বিষু দাস। বক্তারা বলেন, বর্ষায় এদেশের প্রাণ-প্রকৃতি জীবন্ত হয়ে ওঠে। চারপাশ সবুজে ভরে যায়। বর্ষায় ইলিশ মাছ খাওয়ার ধুম পড়ে যেতো। কিন্তু এখন বর্ষার আগের সেই রূপ আর নেই। মানুষ আজ প্রকৃতি ধ্বংস করে ফেলছে। নিয়মিত বনায়ন ধ্বংস করা হচ্ছে। একারণে বর্ষার প্রকৃত রূপ এখন আর দেখা যায় না। বর্ষাকে বাঁচিয়ে রাখতে আমাদের বেশি বেশি গাছ রোপণ ও পরিচর্যা করতে হবে। আমাদের স্বার্থেই প্রকৃতিকে প্রাণবন্ত করে তুলতে হবে।