বন্যার্তদের পর্যাপ্ত খাদ্য
খাবার পানি, নিরাপত্তার
দাবি ক্ষেতমজুর সমিতির
Posted: 19 জুলাই, 2026
একতা প্রতিবেদক :
সম্প্রতি চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই বন্যার্তদের দ্রুত পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ খাবার পানি, নিরাপত্তা, প্রয়োজনীয় চিকিৎসার দাবি করেছেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতারা।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সাধারণ সম্পাদক অর্ণব সরকার বলেন, কয়েক বছর পর পর দেশে বন্যা হয়। বন্যায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে অমানবিক জীবনযাপন করেন। এবারের চট্টগ্রাম ও কক্সবাজারের বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এলাকার প্রভাবশালী ফিশারীর মালিকদের দখলে স্লুইসগেটগুলো থাকায় বন্যার পানি সরে যেতে পারছে না। ফলে লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন অতিবাহিত করছেন। এছাড়া জলাশয়, খাল, নদী ভরাট বড় কারণ।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে সরকারকে দ্রুত স্লুইসগেটগুলো খুলে পানি উন্মুক্ত করার দাবি জানান।
সরকারের পক্ষ থেকে বন্যার্তরা যথেষ্ট ত্রাণ সহায়তা পাচ্ছে না উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, দ্রুত সময়ের মধ্যে সকল পানিবন্দীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং তাদের খাবার, বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসা সহায়তা দিতে হবে।
ভবিষ্যতে বন্যার পানি দ্রুত সরে যাওয়ার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্যও সরকারের প্রতি জোর দাবি করা হয়। এছাড়া নেতৃবৃন্দ কয়েকদিনের বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তা ঢুবে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, প্রতিবছর কোটি কোটি টাকা খরচ করে ড্রেন নির্মাণ করা হলেও তা কোনো কাজে আসছে না। ফলে নগরের নিম্নাঞ্চল ও সড়ক পানিতে তলিয়ে থাকে। এতে মানুষের দুর্ভোগের সীমা থাকে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ, বন্যা পরবর্তী পুনর্বাসনের কাজটি যাতে সঠিকভাবে হয় তার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি করেন।