জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করায় প্রতিবাদ সিপিবির

Posted: 12 জুলাই, 2026

বগুড়া সংবাদদাতা : জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করায় প্রতিবাদ জানিয়েছে সিপিবি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ১০ জুলাই বিকাল ৫টায় বগুড়ার সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করে জেলা কমিটি। সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলামের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান আলী শেখ, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, শাহনিয়াজ কবির খান পাপ্পু, জেলা কমিটির সদস্য অখিল পাল ও সাইদুর রহমান পারভেজ। সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন বাংলাদেশের স্বাধীনতা, আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী। তারা অভিযোগ করেন, দেশের পররাষ্ট্রনীতি ক্রমেই সাম্রাজ্যবাদী শক্তির প্রভাবাধীন হয়ে পড়ছে, যা দেশের স্বার্থের জন্য ক্ষতিকর। বক্তারা আরও বলেন, বাংলাদেশের জনগণ কোনো ধরনের বিদেশি আধিপত্য বা হস্তক্ষেপ মেনে নেবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে সরকারকে জাতীয় স্বার্থবিরোধী সব কার্যক্রম থেকে বিরত থাকা ও অসম বানিজ্য চুক্তি বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।