গার্মেন্টস শ্রমিক লিজা হত্যার জন্য মালিকসহ দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

Posted: 05 জুলাই, 2026

গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ) এর পক্ষে সমন্বয়কারী নইমুল আহসান জুয়েল ও কাজী রুহুল আমিন এক বিবৃতিতে অসুস্থ অবস্থায় ছুটি না দিয়ে বেআইনীভাবে রাতের বেলায় কাজ করিয়ে গার্মেন্টস শ্রমিক লিজা আক্তার হত্যার দায়ে মালিকসহ অন্যান্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত ২৪ জুন দিবাগত রাতে শ্রীপুরের টেপিরবাড়ি এলাকায় ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ নামক কারখানায় নাইট শিফটে কর্মরত লিজা অসুস্থ হয়ে পড়লেও তাকে ছুটি না দিয়ে বেআইনীভাবে কাজ করানো ও সময়মতো চিকিৎসা না দেওয়ায় মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। নেতৃবৃন্দ বলেন আইন অনুসারে নারী শ্রমিককে দিয়ে ইচ্ছার বিরুদ্ধে রাতের বেলায় কাজ করানোর নিষেধাজ্ঞা রয়েছে। সে ছুটি চাইলেও তাকে ছুটি দেয়া হয়নি। হাসপাতালে ডাক্তারসহ কোন চিকিৎসা ব্যবস্থা ছিল না। এটা আইন অমান্য ও নিশ্চিত অবহেলাজনিত হত্যাকাণ্ড। নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত হত্যাকাণ্ডের সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একইসাথে এখান থেকে শিক্ষা গ্রহণ করে সকল কারখানায় চিকিৎসা, নিরাপত্তা, আইন বাস্তবায়ন এবং মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি