ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

Posted: 05 জুলাই, 2026

একতা প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়াকে জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি বলে উল্লেখ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। দেশের স্বার্থ বিরোধী এই উদ্যোগকে প্রতিরোধে চট্টগ্রাম স্কপের চলমান আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ এবং দেশের সার্বভৌমত্ব ও জাতীয় অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে বাধ্য করার জন্য দেশব্যাপি শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিষদের নেতৃবৃন্দ। স্কপের যুগ্ম সমন্বয়ক নুরুল আমিনের সভাপতিত্বে এবং এএএম ফয়েজ হোসেনের সঞ্চালনায় ২৯ জুন সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এই আহ্বান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন স্কপ নেতা জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সহসভাপতি আজিজুন নাহার ও সাধারণ সম্পাদক সাকিল আক্তার চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহসভাপতি মাহবুবুল আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম ও অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক পুলক রঞ্জন ধর প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর, বাংলাদেশের অর্থনীতির স্বর্ণালী প্রবেশ দ্বার। দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যের সিংহভাগ এই বন্দর দিয়ে সংগঠিত হয়। এই বন্দর বিদেশি কোনো কোম্পানির কাছে ইজারা দেওয়া দেশের সমগ্র অর্থনীতিকে বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সামিল। তাছাড়া, চট্টগ্রাম বন্দরের পাশ্ববর্তী এলাকাতেই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সংশ্লিষ্ট এবং গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনাসমূহের অবস্থান। তাই, চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে ঐ এলাকায় বিদেশিদের অবস্থান করতে দেওয়া দেশের সার্বভৌমত্বের জন্যেও ঝুঁকি তৈরি করবে। নেতৃবৃন্দ বলেন, অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্র্রের অন্যতম অগ্রাধিকার হলেও তা দেশের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরির পদক্ষেপকে গ্রহণযোগ্যতা দেয় না। তাই চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়ার জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিলে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সরকারের শুভবুদ্ধির উদয় না হলে শ্রমিকরা জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হবে স্কপ।