ঢাকায় ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা করার দাবি
Posted: 05 জুলাই, 2026
একতা প্রতিবেদক :
সম্প্রতি দেশে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় প্রবল ঝুঁকিপূর্ণ রাজধানী ঢাকার সব ভবনের কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা এবং প্রয়োজনীয় রেট্রোফিটিং সম্পন্ন করার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি।
একইসঙ্গে ভূমিকম্প নিয়ে সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হওয়া সত্ত্বেও সরকার কোনো আশু উদ্যোগ গ্রহণ করছে না বলে অভিযোগ করেছে তারা।
গত ২৭ জুন সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীর ও সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন এক বিবৃতিতে বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ মহানগর ঢাকায় লক্ষাধিক বহুতল ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিপণিবিতান, কারখানা ও আবাসিক ভবন গড়ে উঠেছে এলোপাথাড়িভাবে।
দীর্ঘদিন ধরেই নগরে নির্মাণ বিধিমালা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না। এখানে নির্মাণ কেন্দ্রিক ঘুষ-দুর্নীতি অত্যন্ত সুবিদিত। অপরিকল্পিত নগরায়ন, দুর্বল তদারকি, বিল্ডিং কোড লঙ্ঘন এবং অননুমোদিত নির্মাণ রাজধানীকে একটি সম্ভাব্য মহাবিপর্যয়ের মুখে দাঁড় করিয়েছে।
নেতৃবৃন্দ বলেন, ভূমিকম্প এখন পর্যন্ত কোনো প্রতিরোধযোগ্য দুর্যোগ না হলেও এর ফলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কতটা হবে তা অনেকাংশে নির্ভর করে রাষ্ট্রের প্রস্তুতি, নিরাপদ নগর পরিকল্পনা এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর। কিন্তু যে সরকারই ক্ষমতায় বসে, সেই বিদ্যমান সংকট সুরাহার কর্তব্য ভুলে গিয়ে তথাকথিত নতুন উন্নয়ন প্রকল্পে মজে যায়।
বিবৃতিতে বলা হয়, বিশেষজ্ঞরা বহুদিন ধরেই সতর্ক করে আসছেন, ঢাকার অধিকাংশ ভবনের পূর্ণাঙ্গ কাঠামোগত নিরাপত্তা মূল্যায়ন সম্পন্ন হয়নি। সাম্প্রতিক সময়ে ৩০০ ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত হলেও তা খুবই আংশিক চিত্র।
বিবৃতিতে নেতৃবৃন্দ সমন্বিত উদ্যোগ গ্রহণ করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে রাজধানীর প্রতিটি ভবনের পর্যায়ক্রমিক কাঠামোগত নিরাপত্তা পরীক্ষা, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ভবনের প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ভূমিকম্প-সহনশীল শক্তিশালী ও নিরাপদ করা এবং যেখানে রেট্রোফিটিং সম্ভব নয় সেখানে আইন অনুযায়ী বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জোরালো দাবি জানান।
এছাড়াও ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা জনসম্মুখে প্রকাশ, সংস্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা এবং সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ, গ্যাস, পানি ও যোগাযোগ অবকাঠামোর জরুরি নিরাপত্তা মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয় বিবৃতিতে।
নেতৃবৃন্দ বলেন, ভবন নির্মাণে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড কঠোরভাবে বাস্তবায়ন এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বৈষম্যহীন আইনি ব্যবস্থা গ্রহণ; রাজউকসহ গৃহায়ন ও গণপূর্তের ঘুষ-দুর্নীতি বন্ধ; পুরান ঢাকাসহ ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর জন্য বিশেষ ভূমিকম্প ঝুঁকি প্রশমন কর্মসূচি গ্রহণ করতে হবে।
এছাড়া প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত আশ্রয়স্থল, উদ্ধার সরঞ্জাম প্রাপ্যতা, স্বেচ্ছাসেবক দল এবং নিয়মিত ভূমিকম্প মহড়া নিশ্চিত করা; নাগরিকদের জন্য সহজলভ্য ও স্বল্পসুদে ভবন রেট্রোফিটিং সহায়তা তহবিল গঠনের দাবি জানানো হয় বিবৃতিতে।
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা নেতৃবৃন্দ সরকারের কাছে জোরালো দাবি উত্থাপনের পাশাপাশি, নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার স্বার্থেই নগরবাসীকে আত্মরক্ষার উদ্যোগ গ্রহণ এবং সংগঠিত হওয়ার আহ্বান জানান।
তাঁরা প্রতিটি মহল্লা ও এলাকায় জনসাধারণের উদ্যোগে ‘সমস্যা সমাধান গলি কমিটি’ গড়ে তুলে ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন।