শ্রমজীবী-মেহনতি মানুষকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে

Posted: 05 জুলাই, 2026

একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফী রতন বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশ স্বাধীন করেছিল। স্বাধীনতার ৫৫ বছর বছর পরও সেই চেতনা আজও বাস্তবায়ন হয়নি। ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র সমাজ সামাজিক বৈষম্যের কথা সামনে এনেছিল কিন্তু সংসদ নির্বাচনের পর সেই পথে হাঁটছে না সরকার। তিনি বলেন, “আমাদের দেশের সুদীর্ঘ ইতিহাস মনে করিয়ে দেয় কোনো বুর্জোয়া গোষ্ঠী এদেশে বৈষম্যবিরোধী রাষ্ট্র গঠন করতে পারে না। ফলে বাংলাদেশে বাম গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ব্যক্তি, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ও শ্রমজীবী মেহনতি মানুষকে সাথে রাষ্ট্র ক্ষমতা নিয়ে আসতে না পারলে মানুষের মুক্তি হবে না।” বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলায় উপজেলায় ‘মিট দ্য কমরেডস’ অনুষ্ঠিত হচ্ছে। এর অংশ হিসেবে ১৯ জুন খুলনা মহানগর কমিটির সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। খুলনা মহানগর কমিটির সভাপতি এইচ এম শাহাদাতের সভাপতিতে এদিন বিকালে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি এস এ রশীদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস, জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, নগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী প্রমুখ। বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেন মুক্তিযোদ্ধা নিতাই পাল, মুক্তিযোদ্ধা কিংসুক রায়, সুতপা বেদজ্ঞ, তোফাজ্জেল হোসেন, অ্যাড. হুমায়ুন কবির, প্রিতীষ মণ্ডল, মীর ওবায়দুর রহমান, শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান মুকুল, দিপু মণ্ডল, মাজারুল ইসলাম শান্ত, জাহাঙ্গীর হোসেন, সুদীপ্ত দাস। মোহনগঞ্জ, নেত্রকোনা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিট দ্যা কমরেডস কর্মসূচিতে মোহনগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে নেত্রকোণার মোহনগঞ্জে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন সকাল ১১টায় থানা রোডের পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলখাছ উদ্দিন মীর, সদস্য কোহিনূর বেগম। উপজেলা কমিটির সভাপতি এনামুল হক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাপস সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা কমিটির সদস্য আ. মমিন, শ্যামল চৌধুরী, মশিউর রেজা, শাফায়াত হোসেন, শাহজাদা ওসমানী, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। সভায় পার্টির গতিধারাকে বেগবান করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। এতে উপজেলার বিভিন্ন শাখার কমরেডস উপস্থিত ছিলেন। নীলফামারী সদর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নীলফামারী সদর উপজেলা কমিটির মিট দ্যা কমরেডস কর্মসূচির সাধারণ সভা উদয়ন শিশু বিদ্যাপিঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহসিন রেজা ও বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান। উপজেলা সিপিবির সভাপতি উদাস রায়ের সভাপতিত্বে সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অশ্বিনী কুমার বিশ্বাস, অ্যাডভোকেট তারিণী মোহন অধিকারী প্রমুখ। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ, গাইবান্ধা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় মিট দ্যা কমরেডস সাধারণ সভা অনুষ্ঠিত। গত ২০ ও ২১ জুন এসব উপজেলায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ। এছাড়াও জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, সম্পাদকমণ্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার উপস্থিত ছিলেন। রাজবাড়ী : রাজবাড়ীতে জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) ‘মিট দ্যা কমরেডস’ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন জেলা সিপিবির উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন উদীচী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন। সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাসের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবির বালিয়াকান্দি শাখার নেতা দাউদ খান, জেলা সিপিবির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মো. মোস্তফা, আইনজীবী বাবন চক্রবর্তী, গোয়ালন্দ উপজেলার শাখা সম্পাদক মজিবর রহমান, পাংশা উপজেলা শাখার সম্পাদক তোফাজ্জেল হোসেন, সিপিবি শহর শাখার সম্পাদক আব্দুস সাত্তার মণ্ডল, জেলা সিপিবির সদস্য ইলিয়াস খাঁ, ক্বারী মোহাম্মদ শাহাবুদ্দীন। সভায়, কেন্দ্রীয় সার্কুলার পাঠ করেন সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হালিম বাবু। পরে এই সার্কুলারের উপর আলোচনা করেন কেন্দ্রীয় নেতা অনিরুদ্ধ দাশ অঞ্জন। এসময় আগামী দিনে পার্টির করণীয় বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। মানিকগঞ্জ সদর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৩ জুলাই সকাল ১১টার সময় মানিকগঞ্জ সদর উপজেলার কমরেডদের সাথে মিট দ্যা কমরেডস সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা কমিটির সভাপতি কমরেড আশরাফ সিদ্দিকী। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ক্বাফি রতন। আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আরশেদ মাস্টার, আব্দুল মান্নান। বারহাট্টা, নেত্রকোণা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বারহাট্টা উপজেলা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মিট দ্য কমরেডস্’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমরেড পকর উদ্দিনের সঞ্চালনায় এবং আব্দুল জলিলের সভাপত্বিতে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম শুভ, নেত্রকোনা জেলা কমিটি সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সদস্য কহিনূর বেগম।