বর্গাচাষিদের সহায়তা প্রদানের দাবি

Posted: 28 জুন, 2026

নেত্রকোনা সংবাদদাতা : বৃষ্টি ও উজানের পানিতে তলিয়ে গেছে খালিয়াজুড়িসহ দেশের নিম্নাঞ্চলের ধানক্ষেত। ফলে ফসল নষ্ট হয়ে পড়ায় কৃষক ও বর্গাচাষিরা নিঃস্ব হয়ে পড়েছেন। সেসব ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা কমিটি। গত ২১ জুন খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয় ক্ষেতমজুর সমিতি। স্মারকলিপি প্রদানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একফসলি এই ধান নষ্ঠ হয়ে যাওয়ার ফলে কৃষক ও বর্গাচাষিরা অসহায় হয়ে পড়েছে। আবার ক্ষেতমজুর বা বর্গাচাষিরা জমি নগদ টাকায় লিজ নিয়ে চাষাবাদ করায় তাদের ক্ষতির পরিমাণ আরো বেশি। ধান নষ্ট হওয়ায় ঋণের টাকা পরিশোধসহ জীবনধারণ করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য গোলাম রাব্বানী, উপজেলা কমিটির সভাপতি রাকেশ সরকার, সাধারণ সম্পাদক নিখিল সরকার, সুজিত বিশ্বাস, সোনাকান্ত মহালদার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে ৩ মাস সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তালিকাও করা হয়েছে। কিন্তু আমরা দেখছি এসব তালিকায় সব ক্ষতিগ্রস্তদের নাম নেই। আবার সরকারি সহায়তা যারা পেয়েছেন তাদেরকে প্রতি মাসে ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল দেওয়া হয়েছে। যা তাদের ক্ষতির তুলনায় যৎসামান্য। তারা দাবি জানান, সব ক্ষতিগ্রস্ত পরিবারকে তালিকাভুক্ত করে ক্ষতি অনুযায়ী অন্তত আগামী ফসল উঠার আগ পর্যন্ত সার্বিক সহায়তা দেওয়া হোক। এছাড়া যে সব কৃষক ধান তুলতে পেরেছিল তারা সকলে যাতে লাভজনক দামে যার যতটুকু ধান বিক্রির করার আছে সেই পরিমাণ ধান সরকারি গুদামে বিক্রি করতে পারে তা নিশ্চিত করা হোক।