আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘর দ্রুত পুনঃনির্মাণের দাবি
Posted: 28 জুন, 2026
একতা প্রতিবেদক :
খুলনার বুড়িভদ্রা নদী খননের মাটি চাপা পড়ে ডুমুরিয়া উপজেলার দুটি আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান এসব আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী পরিবারগুলো চুকনগর বাজারের পাশে গরুর হাটে খোলা মাঠে প্রায় এক হাজার মানুষ মানবেতরভাবে বসবাস করছেন।
ক্ষেতমজুর সমিতির পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত ঘর পুনঃনির্মাণ, পরিবারগুলোর সদস্যদের বিকল্প মাথা গোঁজার ঠাঁই ও খাদ্য, পানি, নিরাপত্তার দাবি করা হয়।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার এক বিবৃতিতে বলেন, বুড়িভদ্রা নদীর চরে ভূমিহীন অসহায় মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্পে চুকনগর অংশে ১৪৫টি এবং কাঁঠালতলার বরাতিয়া অংশে ১২৪টি ঘর নির্মাণ করা হয়েছিল। কিন্তু পাঁচ মাস আগে বুড়িভদ্রা নদী খনন শুরু হওয়ায় চুকনগর অংশে উচ্ছেদ করা হয় ১৪৩টি ঘর। বর্তমানে সেখানে অক্ষত আছে মাত্র দুটি ঘর।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নদী খননের মাটি পাহাড়ের মত উঁচু করে রাখা হয়েছে। একটু বৃষ্টি হলেই ঘরগুলো নদীতে ধসে যেতে পারে। মাটির অতিরিক্ত চাপের কারণে ঘরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নিজেরাই মাটি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
নেতৃবৃন্দ ভূমিহীন অসহায় মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর পুনঃনির্মাণের দাবি করে বলেন, ঘরের উপর নদী খননের মাটি ফেলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।