একটি নিরব মৃত্যু
কমরেড জ্যোতিষ বসু
Posted: 28 জুন, 2026
গতরাতে শশ্মানের শেষ চিতাগ্নিতে তোমার জীবন উত্তীর্ন হয়েছে বস্তুর অবিনশ্বরতায়।
বাংলাদেশ টিভির দর্শক তোমাকে দেখেনি,
বেতার শ্রোতারা শোনেনি তোমার নাম,
ঢাকার চতুর প্যাঁচালো পত্রিকাগুলো ছাঁপেনি তোমার খবর,
কিংবদন্তি নায়কী সম্মান জোটেনি তোমার ভাগ্যে
দৃষ্টিগ্রাহ্য কোনো স্বপ্ন সফলতা তোমার নেই-
তোমাকে চিনতো ওই লোহার গারদ,
তোমাকে চিনতো খাকি পুলিশের গ্রেফতারি পরোয়ানা,
তোমাকে চিনতো কৃষক শ্রমিক আর ক্ষেতমজুরের ওই বিদ্রোহী মিছিল
তোমাকে চিনতো ওই মুক্তিযুদ্ধের মহান গেরিলারা।
তুমি বাজী ধরেছিলে রেসের সবচেয়ে পঙ্গু, দুর্বল মন্থর গতির সর্বহারা ঘোড়ার উপরে
চতুর নাছোড়বান্দা শোষক গোষ্ঠীর ভূঁড়ির বোঝাটি যারা পিঠে চেপে আছে রক্তচোষা জোকের মত।
১৯৪০ সাল তুমি পেলে সেই প্রত্যাশিত লালকার্ড
শোষক শ্রেণীর মৃত্যুর পরোয়ানা।
তারপর থেকে তুমি ছিলে সত্যবদ্ধ চিতার মতন বিপ্লবের অগ্নি পরীক্ষার মুখোমুখি।
তোমার সম্পত্তি সব একে একে উঠেছে নিলামে
স্বৈরাচারী আইয়ূবের দাঁত খিঁচুনীর ভয়ে দাসখতের মুক্তিতে তবু দলিত করনি তুমি তোমার আদর্শ গর্ব এতটুকু কোনোদিন।
পৈত্রিক সম্পদ, নববিবাহিতা স্ত্রীর সংগসুখ, সন্তানের কাতর চাহনী তুচ্ছজ্ঞানে পায়ে ঠেলে শ্রেয়জ্ঞানে পালন করছো তুমি পার্টির নির্দেশ-
এ যুগের সত্যবদ্ধ হরিষচন্দ্র তুমি চন্ডালের প্রেমে গ্রহণ করেছো কারাবাস হেমলক যথা সক্রেটিস।
আত্মত্যাগের মহিমা কীর্তনের এই নগ্ন প্রতিযোগীতায় তবুও তোমার নাম রয়ে গেল অগোচরে অনুচ্চার্য প্রায়।
সূর্য থেকে লক্ষ গুন বড় নক্ষত্রের আলোর মতই তোমার আদর্শ সূর্যে আজো স্নাত হয়নি পৃথিবী আমাদের।
নকল সূর্যের ভিড়ে সত্যগ্রাসী মেঘের আড়ালে এখনো অনেক সূর্য ঢাকা পরে আছে।
সেই সত্য সূর্য তালিকায় তোমার নক্ষত্র নাম লিখেছে সময়
অবিনশ্বর অগ্নিশিখায় জ্বলজ্বলে সোনার হরফে।
এই উলুবনের সমাজ জানি একদিন ভরে উঠবে প্রাণের মুক্তোয়।
সেদিন মানুষ হয়তো আনন্দ পাবে এইভেবে,মন্দ হোক তবুও তোমাকে নিয়ে অন্তত একটি কবিতা তো লেখা হয়েছিল।
আপাতত: আমার এই কবিতাই হোক অর্ধনমিত সেই জাতীয় পতাকা
হোক অঘোষিত রাষ্ট্রীয় শোকের কামান সজ্জিত সকটে মুক্তির রুদ্র তোপধ্বনি।