‘ইহুদি সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

Posted: 28 জুন, 2026

একতা বিদেশ ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ ও ‘জাতিগত নির্মূলের আদর্শ’কে সমর্থন করার অভিযোগে ইসরায়েল সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সাবেক রাজনৈতিক নেতা ও নিরাপত্তা কর্মকর্তারা। ফাঁস হওয়া এক চিঠিতে এ তথ্য উঠে এসেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে দেওয়া ওই ‘চূড়ান্ত সতর্কবার্তামূলক’ চিঠিতে ইসরায়েলের দুজন সাবেক প্রধানমন্ত্রী, দেশটির সব গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার সাবেক প্রধানেরা, সাবেক বিচারক, একজন নোবেলজয়ী ও খ্যাতিমান উপন্যাসিক স্বাক্ষর করেছেন। স্বাক্ষরকারীরা ‘ইহুদি সন্ত্রাসবাদ নির্মূলে’ অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। চিঠিতে ইসরায়েলের বেসামরিক ও সামরিক সদস্যদের হাতে সংঘটিত বছরের পর বছর ধরে চলা হামলার একটি তালিকাও তুলে ধরা হয়েছে। এসব ঘটনার মধ্যে হত্যা, যৌন নিপীড়ন, চুরি, অগ্নিসংযোগ এবং মৃতদেহের অবমাননার মতো অপরাধ রয়েছে। তাঁদের অভিযোগ, এসব অপরাধ প্রায় সম্পূর্ণ দায়মুক্তির মধ্যে ঘটেছে। চিঠিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত কয়েক বছরে গাজা উপত্যকায় চালানো চরম সহিংসতা ইসরায়েলি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। একই সঙ্গে এটি ইসরায়েলের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে, দেশটিকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করছে এবং বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ উসকে দিচ্ছে। চিঠিতে বলা হয়, ‘এ চিঠি শেষবারের মতো দেওয়া একটি সতর্কবার্তা। আমরা দাবি করছি, সাম্প্রতিক বছরগুলোয় জুডিয়া ও সামারিয়ায় (অধিকৃত পশ্চিম তীরের জন্য ব্যবহৃত ইসরায়েলি নাম) ছড়িয়ে পড়া ইহুদি সন্ত্রাসবাদ অবিলম্বে নির্মূলে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিন।’ চিঠিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তাঁর প্রতিরক্ষা ও নিরাপত্তামন্ত্রী এবং নিরাপত্তা বাহিনীর কমান্ডাররা যদি এ সহিংসতার নিন্দা না করেন এবং তা বন্ধ না করেন, তাহলে স্বাক্ষরকারীরা ইসরায়েলের উচ্চ আদালতে যাবেন। চিঠিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে। গার্ডিয়ান চিঠিটির একটি অনুলিপি দেখেছে। চিঠিতে ইসরায়েলের বেসামরিক নাগরিক ও সামরিক সদস্যদের হাতে সংঘটিত বছরের পর বছর ধরে চলা হামলার একটি তালিকাও তুলে ধরা হয়েছে।