‘ছোট’ দলের বড়
চমকের বিশ্বকাপ
Posted: 28 জুন, 2026
একতা প্রতিবেদক :
৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে কেউ কেউ শঙ্কিত ছিলেন, বেশ কিছু ছোট দল সুযোগ পাবে এবং তাদের বিপক্ষে একপেশে ম্যাচ হবে। তাতে আবেদেন হারাবে বিশ্বকাপ। কিন্তু বাস্তবে সেটি হয়নি, বরং সেই ছোট দলগুলো এবারের বিশ্বকাপকে আরও বেশি আকর্ষণীয় করেছে।
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে জর্ডান, উজবেকিস্তান, কেইপ ভার্ড, কুরাসাও। লম্বা বিরতিতে বিশ্ব মঞ্চে এসেছে ডিআর কঙ্গো, হাইতি, ইরাক, স্কটল্যান্ড। এই দেশগুলো যে খুব খারাপ খেলেছে তা নয়।
বরং মাঠের বাইরে নিজেদের ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরছে তারা। মাঠে দেখিয়েছে, তথাকথিত বড় দলগুলোর বিপক্ষে লড়াই করা যায় চোখে চোখে রেখে। বিশ্বকে দেখিয়ে দেওয়া যায়, স্বপ্নের পেছনে ছুটতে অর্থ কোনো বড় বাধা নয়।
চমকের শুরুটা কেইপ ভার্ডকে দিয়ে। শক্তিশালী স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে সুর বেঁধে দিয়েছিল তারাই। পরে ছোট্ট দেশ কুরাসাও রুখে দেয় লাতিন আমেরিকার দেশ একুয়েডরকে।
বিশ্বকাপে নিয়মিত অংশ নেওয়া দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চমকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের ইতিহাসে প্রথমবার জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। গতবার ঘরের মাঠে সব ম্যাচে হেরে যাওয়া কাতার এবার প্রথম পয়েন্ট পেয়েছে বিশ্বকাপে।
শক্তিশালী জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও জিতেছে একুয়েডর। লাতিন আমেরিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে তারা।
বড় দলগুলোর বিপক্ষে অনুমিতভাবেই বেশিরভাগ ম্যাচ হেরেছে ছোট ও নতুন দলগুলো। কিন্তু মাঠের লড়াইয়ে সবার হৃদয় কেড়ে নিয়েছে তারা।
আর হৃদয় কেড়েছেন লিওনেল মেসি। এই বয়সে এসেও কিলিয়ান এমবাপে, আর্লিং হলান্ড, ভিনিসিউস জুনিয়রের মতো সময়ের সেরা ফরোয়ার্ডদের টেক্কা দিচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক। প্রথম দুই ম্যাচে তিনি করেছেন পাঁচ গোল। চারটি করে গোল করেছেন এমবাপে, হলান্ড ও ভিনিসিউস।
জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে মেসি গড়েছেন সর্বোচ্চ গোলের রেকর্ড। ১৯৭০ বিশ্বকাপে এই মেক্সিকোতে অমরত্ব পেয়েছিলেন পেলে। ১৯৮৬ সালে এখানেই শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিলেন দিয়েগো মারাদোনা। তাদের দেখানো পথ ধরে হাঁটতে পারবেন মেসি? উত্তর জানার অপেক্ষায় ফুটবল বিশ্ব।