প্রস্তাবিত বাজেট সরকারের নির্বাচনি ইশতেহারের পরিপন্থি
Posted: 21 জুন, 2026
একতা প্রতিবেদক :
প্রস্তাবিত বাজেটে শ্রমিকদের রেশনসহ সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দ না রাখা বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের পরিপন্থি বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নেতৃবৃন্দ।
গত ১৪ জুন অনুষ্ঠিত টিইউসির কেন্দ্রীয় কমিটির সভায় নেতৃবৃন্দ এ উদ্বেগ প্রকাশ করেন। সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের উৎপাদন ও অর্থনীতির জন্য বিশেষ প্রয়োজন হওয়া স্বত্ত্বেও বাজেটে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান, আয় বাড়ানো এবং কল্যাণমূলক তেমন কোনো দিক নির্দেশনা নেই। প্রস্তাবিত বাজেট ধনী গরীবের বৈষম্য না কমিয়ে বরং বৃদ্ধি করবে।
রাজধানীর পুরানা পল্টনের মনিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনের শহীদ মুনীর-আজাদ সেমিনার কক্ষে টিইউসির সহ-সভাপতি শ্রমিক নেতা মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী কমিটি এবং বিভিন্ন জেলা ও সেক্টরের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তন্মধ্যে কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত, নির্বাহী কমিটির নেতা এবং যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখা, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, গার্মেন্টস শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব মজনু, বরিশাল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এ. কে আজাদ, জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইফতেখার কামাল খান, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, বাংলাদেশ রেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা আসলাম খান, সিরাজুল ইসলাম, সাদেকুর রহমান শামীম, ফজলুল কবির মিন্টু, কমল বসাক, আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রস্তাবিত বাজেট সংশোধন করে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে গণমুখী ও উৎপাদনশীল বাজেট প্রণয়ন, বন্ধকৃত কলকারখানা রাষ্ট্রীয় মালিকানায় আধুনিকায়ন করে চালু, কর্মহীন শ্রমিক ও বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলা, গ্রাম-শহরের শ্রমজীবীদের জন্য নিত্যব্যবহৃত জিনিসপত্রের দাম কমানো, সকল সেক্টরের ন্যায্য মজুরি নিশ্চিত করা, সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালুসহ সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়।