তালেবান সরকারের কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ
Posted: 21 জুন, 2026
একতা বিদেশ ডেস্ক :
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। বিশ্লেষকদের একাংশের মতে, এই পদক্ষেপ পরবর্তী সময়ে সাধারণ জনগণের ওপরও একই ধরনের বিধিনিষেধ আরোপের পূর্বাভাস হতে পারে।
তালেবানের সামরিক আদালতের জারি করা এক নির্দেশনায় দেখা গেছে, চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এতে ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ কিংবা সরকারি কর্মী’-সবার জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনার একটি অনুলিপি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের হাতে এসেছে। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, এক তালেবান কর্মকর্তা নিজের ফোন থেকে এই নিষেধাজ্ঞার আদেশ পড়ে শোনাচ্ছেন; আর অন্য একজন স্মার্টফোন ভেঙে ফেলছেন।
আদেশে বলা হয়েছে, ‘যদি কেউ এটি (স্মার্টফোন) ব্যবহার করে, তবে তাঁর ফোনটি ভেঙে ফেলা হবে। আইনভঙ্গকারীর ওপর আইনি ও শরিয়া মোতাবেক শাস্তি প্রয়োগ করা হবে।’ নির্দেশনায় আরও বলা হয়, কোনো ধরনের ছাড়ের জন্য তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত ডিক্রি বা আদেশের প্রয়োজন হবে।
তবে এ নির্দেশনা সম্পর্কে নিশ্চিত হতে দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে তালেবানের কোনো মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আফগানিস্তানের বিভিন্ন সূত্র ও প্রতিবেদন অনুযায়ী, এই নিষেধাজ্ঞাগুলো তাৎক্ষণিক সিদ্ধান্তে কার্যকর হচ্ছে। কোথাও শুধু সরকারি কর্মকর্তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আবার কোনো কোনো এলাকায় এর আওতা বাড়িয়ে নারী, সাধারণ মানুষ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষেত্রেও তা প্রয়োগ করা হচ্ছে। অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, এক তালেবান কর্মকর্তা নিজের ফোন থেকে এই নিষেধাজ্ঞার আদেশ পড়ে শোনাচ্ছেন; আর অন্য একজন স্মার্টফোন ভেঙে ফেলছেন।