পুতিনকে আলোচনায় বসার অনুরোধ জেলেনস্কির

Posted: 07 জুন, 2026

একতা বিদেশ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আবারও ইউক্রেন যুদ্ধ নিয়ে তাঁর কঠোর অবস্থান প্রকাশ করেছেন। তাঁর দাবি, রুশ সেনারা যুদ্ধক্ষেত্রে প্রতিদিনই অগ্রগতি অর্জন করছে। তবে তিনি এটাও বলেছেন, কিয়েভ যদি আপস করতে প্রস্তুত থাকে, তখনই শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনা যুদ্ধ থামাতে পারবে। রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামের ফাঁকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে আলাপকালে পুতিন এ কথা বলেন। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে যুদ্ধ অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সরাসরি আলোচনায় বসতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি কোনো সমঝোতা না হয়, তবে কিয়েভ যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেছেন, পুতিন ওই বার্তার কথা জানেন, তবে এখনো চিঠির বিষয়বস্তু বিস্তারিতভাবে পর্যালোচনা করার সুযোগ পাননি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠক হলে তা ‘দারুণ’ হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বিবেচিত এ যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে। পুতিন বলেছেন, জনশক্তি, শিল্প উৎপাদন সক্ষমতা ও যুদ্ধ চালিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তার দিক থেকে রাশিয়া এগিয়ে আছে। পুতিন দাবি করেন, রুশ সেনাবাহিনী সম্প্রতি প্রায় আড়াই হাজার বর্গকিলোমিটার (১ হাজার ৫৫৩ বর্গমাইল) এলাকা থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দিয়েছে। তবে তিনি স্বীকার করেছেন, ইউক্রেনের ড্রোন হামলার ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় মস্কোকে তার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে এবং তারা তা করবে। তবে পশ্চিমা দেশগুলোর কিছু সামরিক বিশ্লেষক এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার অগ্রসর হওয়াটা উল্লেখজনকভাবে ধীর হয়ে গেছে। তাঁদের মতে, রাশিয়া এখনো তাদের ঘোষিত সামরিক লক্ষ্য অর্জন থেকে অনেকটা দূরে আছে। তা সত্ত্বেও পুতিনের কণ্ঠে শোনা গেল আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন, ‘অভিযান প্রতিদিনই চলছে। বর্তমানে রুশ ফেডারেশন লুহানস্ক পিপলস রিপাবলিকের শতভাগ নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া দোনেৎস্ক পিপলস রিপাবলিকের ৮৫ শতাংশের বেশি এলাকা ও জাপোরিঝঝিয়া অঞ্চলের ৮০ শতাংশ এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে আছে।’