শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে সমাবেশ

Posted: 31 মে, 2026

নারায়ণগঞ্জ সংবাদদাতা : ঈদুল আজহার আগে সকল সেক্টরের শ্রমিকদের এক মাসের বেসিক বেতনের সমান ঈদ বোনাস এবং সকল বকেয়া পাওনাসহ চলতি মে মাসের পুর্ণ বেতন পরিশোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) নারায়ণগঞ্জ জেলা কমিটি। গত ২০ মে সকাল ১১টা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সভাপতি আ. হাই শরীফ, জেলা কমিটির সহ-সভাপতি তপন কুমার রায়, সহ-সভাপতি শিমুল দাস, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, দিলীপ কুমার দাস, আবুল বাসার ও হকার নেতা অপু প্রমূখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে দেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। মালিকরা সস্তা শ্রম নিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলে বিলাসবহুল জীবন-যাপন করছে। অপরদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী বাজারে শ্রমিকরা কম মজুরিতে মানবেতর জীবন কাটাচ্ছে। তাও অনেক কারখানার মালিক মাস শেষে শ্রমিকের বেতন দেয় না। মাসের পর মাস বেতন বকেয়া রাখে। মালিকদের এই অবিচার ও অমানবিক আচরণ পরিহার করতে হবে। ঈদের আগে সকল শ্রমিকের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করা মালিকপক্ষ ও সরকারের নৈতিক দায়িত্ব। মালিকরা যদি তা না করে তাহলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে শ্রমিকরা পরিবার নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারে। ব্যত্যয় ঘটলে পরিণতি ভালো হবে না। গার্মেন্ট টিইউসি : ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গত ১৮ মে বিকাল ৫ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি দুলাল সাহার সভাপতিত্বে ও জেলা কমিটির নেতা দিলীপ কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি জাকির হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম আনিসুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা কমিটির নেত্রী মৈত্রী ঘোষ, জেলা কমিটির দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সদস্য কবি পল্লবী প্রত্যাশা, শ্রমিক নেতা নাসির হোসেন ও জেলা কমিটির নেত্রী আমেনা আক্তার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, ঈদের আগে গার্মেন্ট শ্রমিকদের চলতি মাসের বেতনসহ সকল বেতন-বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। এক মাসের বেসিক বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে। বকেয়া সকল ওভারটাইমের বিল পরিশোধ করতে হবে। চলতি মে মাসের বেতন দিতে হবে।