হাবীব ইমনের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়া

Posted: 10 মে, 2026

একতা প্রতিবেদক : বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা মহানগরের সাবেক সভাপতি সাংবাদিক, কবি, লেখক ও যুবনেতা হাবীব ইমনের শোকসভায় বক্তারা বলেন, হাবীব ইমন শুধু রাজপথের সংগ্রামী ছিলেন না, পাশাপাশি তিনি আর্দশিক প্রচারে লেখালেখিতে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। দুই বাংলার কাগজে নিয়মিত কবিতা লেখার পাশাপাশি কলাম, রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত লিখতেন। তার সামগ্রিক কাজের কেন্দ্রবিন্দু ছিল মানুষ, মানুষের অর্থনৈতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ গড়া ছিল তার স্বপ্ন। গত ৮ মে বিকাল ৪টায় কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের শহীদ মুনীর-আজাদ সভাকক্ষে শোকসভার আয়োজন করে বাংলাদেশ যুব ইউনিয়ন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুমের সভাপতিত্বে শোকসভায় কমরেড হাবীব ইমনের নানামাত্রিক জীবন ও সংগ্রাম নিয়ে আলোচনা করা হয়। বক্তরা বলেন- নানান ঘাত-প্রতিঘাতে পোড় খাওয়া, কর্মস্পন্দনে ভরপুর তরুণ বাম রাজনৈতিক নেতা-হাবীব ইমন। ছাত্রজীবন থেকেই তিনি প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু। তারপর যুব ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালনের পাশাপাশি সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, প্রগতি লেখক সংঘসহ নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। রাজনৈতিক আদর্শে দৃঢ়তা, সংগঠনের প্রতি দায়বদ্ধতা এবং সহযোদ্ধাদের প্রতি আন্তরিকতা তাকে এক নির্ভরযোগ্য নেতৃত্বে পরিণত করেছিল। তার অনুপস্থিতি প্রগতিশীল সাহিত্যাঙ্গন ও যুব আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে তার চিন্তা, কর্ম ও সৃজনশীল অবদান তাকে বাঁচিয়ে রাখবে কালান্তরে, বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। শোকসভায় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, হাফিজ আদনান রিয়াদ, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য রাসেল ইসলাম সুজন, সাংবাদিক উম্মে অরা সুইটি, ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভ প্রমুখ। সভায় হাবীব ইমনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। স্মৃতিচারণ করে আলোচনা করেন হাবীব ইমনের মা খালেদা পারভীন ও বোন তানজিলা জাহান তানি। সংগঠনের দপ্তর সম্পাদক অনিন্দ্য দ্বীপের সঞ্চালনায় শোকসভায় জীবনী পাঠ করেন সাংগঠনিক সম্পাদক শাহিন ভূইয়া।