সার্ভিসলেনের দাবিতে নয়নপুরের মহাসড়কে বিক্ষোভ

Posted: 26 এপ্রিল, 2026

একতা প্রতিবেদক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুরে সার্ভিস লেন নির্মানের দাবিতে গত ১৮ এপ্রিল সকাল ৮ টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি পালন করে। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নয়নপুর অঞ্চল কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শাজাহান, নয়নপুর অঞ্চল কমিটির সভাপতি আনোয়ার, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের নয়নপুর অঞ্চল কমিটির নেতা ইয়াসিন প্রমুখ। বিক্ষোভ কর্মসূচির সমাবেশে বক্তারা বলেন, একের পর এক সরকার আসে আর লুটপাটের জন্য অপরিকল্পিত প্রজেক্ট করে। এই সব অপরিকল্পিত প্রজেক্টের ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। দেশে একের পর এক মহাসড়ক নির্মাণ হয়েছে, কিন্তু স্থানীয়দের যাতায়াতের বিকল্প লেন নির্মাণ করা হয়নি। ফলে একদিকে এলাকাবাসী যাতায়াতের সমস্যা ভোগ করছে অন্যদিকে স্থানীয় যাতায়াতের বাহন ব্যাটারি চালিত রিকশা শ্রমিকরা তাদের জীবন নির্বাহের আয় হারাচ্ছে। বক্তারা অবিলম্বে নয়নপুরে ঢাকা-ময়মনসিং মহাসড়কে সার্ভিসলেন নির্মাণের দাবি জানান। বিক্ষোভ কর্মসূচি চলাকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিছিল ও সাময়িক অবরোধ করে।