বন্যার শঙ্কা, আধা-পাকা ধান নিয়েই ঘরে ফিরছে কৃষক

Posted: 26 এপ্রিল, 2026

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের হাওরাঞ্চলে বন্যার শঙ্কায় সময়ের চাকা যেন কৃষকের প্রতিকূলে ঘুরছে। অতিবৃষ্টি আর বজ্রপাতের আতঙ্ক পেরিয়ে যখন ধান ঘরে তোলার স্বপ্নে বিভোর কৃষকরা, তখনই নতুন আপদ হিসেবে দেখা দিয়েছে আগাম বন্যার শঙ্কা। নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় ফসল হারানোর ভয়ে আধা-পাকা ধানই কেটে ঘরে তুলছেন দুশ্চিন্তাগ্রস্ত কৃষকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সুনামগঞ্জের কৃষকদের একের পর এক বিপর্যয়ের মুখোমুখি হতে হচ্ছে। মে মাসের শুরু থেকে জলাবদ্ধতা এবং গত ১৮ এপ্রিল বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যুর ঘটনায় হাওরে ধান কাটা ব্যাহত হয়। সেই রেশ কাটতে না কাটতেই এখন সুরমা, কুশিয়ারা ও বৌলাইসহ প্রধান নদ-নদীর পানি বাড়তে থাকায় হাওরজুড়ে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, জেলায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি ৫৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবোর এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি আগামী কয়েক দিন আরও দ্রুত বৃদ্ধি পেতে পারে, যা আগাম বন্যার সৃষ্টি করতে পারে।