বন্ধ চিনিকল : ক্ষতির মুখে স্থানীয় আখচাষিরা

Posted: 26 এপ্রিল, 2026

পাবনা সংবাদদাতা : দেশের অন্যতম বৃহৎ চিনিকল পাবনা সুগার মিলের উৎপাদন বন্ধ ছয় বছর। ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় আখচাষিরা। ফলে নষ্ট হচ্ছে প্রায় ৮০ কোটি টাকার যন্ত্রাংশ ও মালামাল। প্রতি মাসে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা বাবদ বিপুল অর্থ ব্যয় অব্যাহত রয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির কাঁধে সাড়ে ৫০০ কোটি টাকা ঋণ থাকায় প্রতিনিয়ত সুদ বাড়ছে। চিনিকল কর্তৃপক্ষ জানায়, পাবনা চিনিকলে বর্তমানে ২২ জন স্থায়ী ও ৩০ জন অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। তাদের বেতন-ভাতা বাবদ প্রতি মাসে প্রায় সাড়ে ১২ লাখ টাকা খরচ হচ্ছে। ২০২০ সালে উৎপাদন বন্ধ হওয়ার পর থেকে গত ছয় বছরে শুধু বেতন-ভাতাতেই সরকারের ব্যয় দাঁড়িয়েছে ৮ কোটির বেশি টাকা। ২০২৪ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার এ চিনিকলের উৎপাদন বন্ধের স্থগিতাদেশ প্রত্যাহার করে ও দ্বিতীয় ধাপে মিল চালুর কথা জানায়। তবে সেই ঘোষণার প্রায় দেড় বছর পার হলেও মিল চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এদিকে বন্ধ হওয়া চিনিকলগুলো পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত ২ এপ্রিল বিকেলে সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে মন্ত্রী এ কথা বলেন।