সিআরবিতে হাসপাতাল নির্মাণের চক্রান্ত রুখে দাঁড়ানোর আহ্বান
Posted: 26 এপ্রিল, 2026
চট্টগ্রাম সংবাদদাতা :
প্রকৃতির ছায়াঘেরা নান্দনিক চট্টগ্রামের প্রাণকেন্দ্র সিআরবিতে নতুন করে আবারও হাসপাতাল নির্মাণের চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্য চট্টগ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর। গত ১৮ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন সিপিবি নেতারা।
বিবৃতিতে সিপিবি নেতা অশোক সাহা ও মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘পাহাড়, নদী, সাগরের মিলন মোহনায় গড়ে ওঠা চট্টগ্রাম শহর। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এ শহরকে অনন্যরূপে উপস্থাপন করে সিআরবি। নানা প্রজাতির শত, শত বৃক্ষ, গুল্ম, লতা কী বিচিত্র মোহমায়ায় জড়িয়ে আছে, যেখানে গেলে প্রাণভরে একটু নিঃশ্বাস নিতে পারে নগরবাসী।’
২০২১ সালে জনমতের তোয়াক্কা না করে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকার সিআরবিকে ক্ষতবিক্ষত করে একটি প্রাইভেট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছিল। তখন চট্টগ্রামবাসী আন্দোলনে নেমে তাদের সেই উদ্যোগ বন্ধ করতে বাধ্য করেছিল। সিপিবিসহ সব বামপন্থি-প্রগতিশীল রাজনৈতিক ও গণসংগঠন এবং নাগরিক সমাজ সেই আন্দোলনে একাত্ম হয়েছিল।
কিন্তু আমরা আবার পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি সেই প্রকল্পটি আবারও পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে। রেলপথ মন্ত্রী সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শন করবেন। আমরা বিএনপিকে আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ না করার আহ্বান জানায়।
২০০৮ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রণীত ডিটেইল এরিয়া প্ল্যানে (ড্যাপ) সিআরবি এলাকাকে কালচারাল হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। ড্যাপের নির্দেশনা অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে সিআরবির কোনো অংশ ব্যবহার করা যাবে না এবং এখানে কোনো বহুতল ভবন নির্মাণ করা যাবে না। অথচ সিডিএ’র মাস্টারপ্ল্যান ও জনমত উপেক্ষা করে আবারও সিআরবিতে প্রাইভেট হাসপাতাল নির্মাণের আয়োজন চলছে।
আমরা সিপিবির পক্ষ থেকে সরকারকে চট্টগ্রামের প্রাকৃতিক ফুসফুস খ্যাত সিআরবিকে ধ্বংসের আত্মঘাতী এ পথ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি। চট্টগ্রামের নাগরিক সমাজসহ সর্বস্তরের জনসাধারণকে সোচ্চার হওয়ার অনুরোধ করছি। সরকারকে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাতিলের সুষ্পষ্ট ঘোষণা দিতে হবে। অন্যথায় আবারও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে আমরা হুঁশিয়ারী দেয় সিপিবি নেতারা।