আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি দেশের স্বার্থবিরোধী
Posted: 26 এপ্রিল, 2026
একতা প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকার কর্তৃক গত ১৩ ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে সম্পাদিত দেশবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সারাদেশে বিক্ষোভ সমাবেশ করেছে বাম-প্রগতিশীল দলগুলোর রাজনৈতিক জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। কেন্দ্রীয় নেতাদের আহ্বানে ঢাকাসহ সপ্তাহজুড়ে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশগুলোতে বক্তরা বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে গোপনে আমেরিকার সঙ্গে তড়িগড়ি করে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। একটি অনির্বাচিত সরকার কোনোভাবেই এই বাণিজ্য চুক্তি করতে পারে না। সংসদের পাশ কাটিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই চুক্তি করা হয়েছে। যে চুক্তিতে দেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয়নি। বহুজাতিক কোম্পানিগুলোর সুবিধার জন্য এই করা হয়েছে।
খুলনা : বাংলাদেশের স্বার্থবিরোধী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থরক্ষারী, অন্যায্য, একতরফা, দেশ বিক্রির গোলামী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে গত ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় সাতরাস্তা মোড়স্থ গরিব নেওয়াজ হাসপাতালের সামনে সিপিবি খুলনা সদর থানা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
থানা কমিটির সভাপতি কমরেড তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রীতিষ মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বাণিজ্য চুক্তি বাতিলের দাবি করেন। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক নিত্যানন্দ ঢালী, সাবেক সভাপতি মিজানুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, রেখা কুণ্ডু, আফজাল হোসেন রাজু, নীরজ রায়, খান আজরফ হোসেন মামুন, দেব সাহা, দুলাল সরকার, আমরুল ইসলাম খোকন প্রমুখ।
এছাড়াও, আমেরিকার সঙ্গে গোলামীর বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খুলনায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের উদ্যোগে নগরীর পিকসার প্যালেস মোড়, স্যার ইকবাল রোড, হেলাতলা, মহেন্দ্র দাস মোড়, ক্লে রোড এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সিপিবির খুলনা জেলা সভাপতি এস এ রশীদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক গাজী নওশের আলী, বাসদের জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ জাসদের মহানগর সভাপতি রফিকুল ইসলাম খোকন, সিপিবির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান, বাসদের জেলা সদস্য সচিব কোহিনুর আক্তার কনা, বাসদ মহানগর নেতা আব্দুল করিম।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, ইউনূস সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে আমেরিকার সঙ্গে গোলামীর বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে যা অন্তর্বর্র্তী সরকারের নৈতিকতা পরিপন্থি ও দেশের স্বার্থ বিরোধী। নেতৃবৃন্দ এই অসম গোলামী বাণিজ্য চুক্তি বাতিলের দাবি সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান। নেতৃবৃন্দ আগামী ২৭ এপ্রিল ঢাকায় গণ জমায়েত ও জাতীয় সংসদ অভিমুখে যাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ২নং রেল গেইট ও প্রেস ক্লাবের সামনে পথ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জোট নেতা সিপিবি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিবনাথ চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, সিপিবি নেতা দুলাল সাহা, আব্দুল হাই শরীফ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাংলাদেশ জাসদ জেলার সাধারণ সম্পাদক আল মামুন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম সাধারণ সম্পাদক সুলতানা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি-শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে ফেলবে।
এছাড়াও, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ফতুল্লা রেল স্টেশনে সমাবেশ অনুষ্ঠিত হয়। জোট নেতা বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ানের সভাপতিত্বে বক্তাব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম, বাসদ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সিপিবি জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, সিপিবি নেতা দুলাল সাহা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্য সচিব এস এম কাদির, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বাংলাদেশ জাসদ জেলার দপ্তর সম্পাদক আতাউর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া : গত ২১ ও ২২ এপ্রিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, মাখন মুক্তমঞ্চ, মেড্ডা বাসস্ট্যান্ডে চারটি পথসভায় আমেরিকা-বাংলাদেশের গোলামি চুক্তিসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি বাতিলের জন্যে সরকারের প্রতি দাবি জানান।
পথসভায় সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি সাজিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সম্পাদকমণ্ডলীর সদস্য সৈয়দ মো. জামাল, সহকারী সাধারণ সম্পাদক আল মামুন, সম্পাদকমণ্ডলীর সদস্য আসমা খানম, জেলা নেতা আনিসুর রহমান প্রমুখ। বক্তারা অতি দ্রুত বাণিজ্য চুক্তিসহ সব দেশবিরোধী চুক্তি বাতিলের দাবি জানায়।
বগুড়া : আমেরিকার সঙ্গে গণবিরোধী অসম চুক্তি বাতিল, রামপাল পানগাঁও, রুপপুর, আদানি ও লালদিয়া বন্দর সুইজারল্যান্ড ও ডেনমার্কের সাথে ইজারা চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টারমিনাল বিদেশিদের ইজারা দেওয়ার চক্রান্তের বন্ধ করার দাবিতে গত ১৮ এপ্রিল বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সিপিবি শেরপুর উপজেলা বগুড়ার উদ্যোগে শেরপুর কলেজ বাসস্ট্যান্ড, শহীদ মিনার মোড় শেরপুর, মহিপুর বাজার ও শেরপুর বাস টার্মিনাল পথসভা ও জনসংযোগ করে। সিপিবি উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহার সভাপতিত্বে ও শাজাহান আলীর সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভাগুলোতে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, সিপিবি বগুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পু, ক্ষেতমজুর নেতা আব্দুস ছামাদ, নুরুল ইসলাম, কৃষক নেতা শফিকুল ইসলাম শফি প্রমুখ।
পথসভা থেকে নেতৃবৃন্দ এইসব গণবিরোধী চুক্তি বাতিলের দাবিতে গড়ে ওঠা আন্দোলন বেগবান করতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
রংপুর : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলার শ্যামপুর শাখার উদ্যোগে শ্যামপুর বাজারে আমেরিকার সঙ্গে সম্পাদিত অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়।
শ্যামপুর শাখার সিপিবি নেতা কার্তিক শীলের সভাপতিত্ত্বে ও সামছুল আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, সিপিবি শ্যামপুর শাখার সম্পাদক মঞ্জিল হোসেন, বাংলাদেশ কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ও গোপালপুর ইউনিয়নের পরপর দুইবার নির্বাচিত চেয়ারম্যান আলতাফ হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক কাফি সরকার এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই গাঙ্গুলি প্রমুখ।
বক্তারা দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে এই চুক্তি বাতিলের দাবিতে তীব্র গণ আন্দোলন গড়ে তুলার আহ্বান জানান।