উপজেলা পরিষদে বসার জায়গা এমপিদের খবরদারি বাড়বে

Posted: 26 এপ্রিল, 2026

একতা প্রতিবেদক : উপজেলা পরিষদের ভেতরে ‘পরিদর্শন কক্ষ’ নামে সংসদ সদস্যদের জন্য ‘বসার জায়গা’ করে দেওয়ার যে সিদ্ধান্তের কথা সম্প্রতি সরকার জাতীয় সংসদে জানিয়েছে, তাতে বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। গত ২২ এপ্রিল এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান, কার্যকরী সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন রেজা ও সাধারণ সম্পাদক অর্ণব সরকার বলেন, এমনিতেই সংসদ সদস্যরা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ তথা স্থানীয় সরকারের ওপর হস্তক্ষেপ করে থাকেন। যার ফলে সরকারি বিভিন্ন প্রকল্পে দলীয়করণ ও লুটপাট আরও বেড়ে যায়। প্রয়োজন স্থানীয় সরকারকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। সেখানে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে, স্থানীয় সরকারের ওপর এমপিদের খবরদারি ও নিয়ন্ত্রণ আরও বাড়ার সুযোগ তৈরি হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আইন অনুযায়ী সংসদ সদস্যদের কাজ সংসদে আইন প্রণয়ন করা। তাঁদের উপজেলা পরিষদে প্রত্যক্ষ দায়িত্ব বা কাজ নেই। নেতৃবৃন্দ এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য সরকারের প্রতি দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ স্থানীয় সরকারের স্বায়ত্তশাসন নিশ্চিত করারও দাবি জানান।