ডিজেলের লাইনে দাঁড়িয়ে কৃষকের মৃত্যুতে ক্ষোভ

Posted: 26 এপ্রিল, 2026

একতা প্রতিবেদক : রাজশাহীর কেশরহাটে কৃষিকাজের জন্য ডিজেল নিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে এক কৃষকের মৃত্যুতে গভীর শোক ও সরকারের জ্বালানি তেল সরবরাহে অব্যবস্থার জন্য তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি। গত ২২ এপ্রিল আব্দুল আলম (৫৬) নামের এই কৃষকের মৃত্যু হয়। পরে কৃষক সমিতির সভাপতি অ্যাড. এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন এক বিবৃতিতে বলেন, সরকার একদিকে বলেন জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে আরেক দিকে তেল সংগ্রহের জন্য কৃষকসহ সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা তেলের লাইনের দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন। রাজশাহীর কেশরপুরের কৃষক আব্দুল আলম কৃষি কাজের জন্য তেল সংগ্রহের জন্য লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও তেল সংগ্রহ করতে পারেননি। তীব্র গরমে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। নেতৃবৃন্দ বলেন, সরকারের জ্বালানি তেলের সরবরাহের চরম অব্যবস্থাপনার কারণেই কৃষকসহ সাধারণ মানুষ তার চাহিদা ও সময়মত জ্বালানি তেল পাচ্ছেন না। কৃষক আব্দুল আলমের এই মর্মান্তিক মৃত্যুর তাই সরকারকে নিতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, তেলের যতই সংকট থাক না কেন কৃষি কাজের জন্য কৃষকদের তেল সরবরাহকে সর্বাধিক অগ্রাধিকার দিতে হবে। ইতোমধ্যে চাহিদামত ডিজেল না পেয়ে কৃষি কাজ মারাত্মক ব্যাহত হচ্ছে, ধান কাটার মৌসুমে চাহিদামত ডিজেল না পেলে ধান কাটা ও মাড়াইয়ে কৃষকরা বিপাকে পড়বে। কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাবে। কৃষি উৎপাদনে সংকট সৃষ্টি হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ডিজেল না পেয়ে মৃত কৃষকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ব্যবস্থা করতে হবে। কৃষিকাজের জন্য অগ্রাধিকারভিত্তিতে সময়মত এবং চাহিদামত ডিজেল সরবরাহ করতে হবে।