উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন
Posted: 19 এপ্রিল, 2026
নারায়ণগঞ্জ সংবাদদাতা :
নারায়ণগঞ্জের চিটাগাং রোডের মোড়ে চিটাগাং রোড ছিন্নমূল হকার্স সমবায় সমিতির উদ্যোগে উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১১ এপ্রিল সকাল ১১ টায় মানববন্ধনে সভাপতিত্ব করেন চিটাগাং রোড ছিন্নমূল হকার্স সমবায় সমিতির নেতা আবদুস ছালাম।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ জেলা কমিটির যুগ্ম সম্পাদক দিলীপ কুমার দাস, বিল্লাল গাজী, আলমগীর হোসেন সুমন, বাচ্চু গাজী, সাইফুল ইসলাম, সাইদুর মেম্বার, ফয়েজ মেম্বার, মাহবুব প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, চিটাগাং রোড ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। এই উচ্ছেদ অভিযানের ফলে হাজারো ক্ষুদ্র ব্যবসায়ীদের রুটি-রুজির পথ বন্ধ কর হয়েছে। পৃথিবীর সব দেশেই হকার আছে, আর বাংলাদেশ-তো বেকারের দেশ; পরিবার-পরিজন নিয়ে বাঁচার তাগিদেই হকাররা ফুটপাতে বসতে বাধ্য হয়।
দুলাল সাহা বলেন, এ ধরনের অমানবিক উচ্ছেদ অভিযান মেনে নেওয়া যায় না। হাইকোর্টের রায় বিদ্যমান আছে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। আমরা প্রস্তাব করছি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, অত্র এলাকার মাননীয় সংষদ সদস্য, মাননীয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, মাননীয় জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের মাননীয় প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসে পুনর্বাসনের পরিকল্পনা করা হোক। পূণর্বাসনের আগ পর্যন্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে সে ব্যবস্থা করা হোক। পূণর্বাসনের পূর্বে তাদের ফুটপাতে বসার সুযোগ দেওয়া হোক। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এই ব্যাপারে হকার সহ ছিন্নমূল ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি সদয় হবেন।