পীর হত্যাসহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার চায় ছাত্র ইউনিয়ন

Posted: 19 এপ্রিল, 2026

একতা প্রতিবেদক : ‘ধর্ম অবমাননার’ অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে শামীম বাবার দরবার শরীফের প্রধান পীর আব্দুর রহমান ওরফে শামীমকে কুপিয়ে হত্যার বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে সারাদেশে সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করেছে ছাত্র ইউনিয়ন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক বিবৃতিতে কুষ্টিয়ায় পীর হত্যাসহ সব সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী সংসদে দাঁড়িয়ে মব আর চলবে না বলার পর থেকে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি সরকার যেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মব সন্ত্রাসের পুনরাবৃত্তিকে প্রশয় দিচ্ছে। একই সঙ্গে শাহবাগে ট্রান্সজেন্ডারদের উপর হামলা এবং কুষ্টিয়ায় পীরকে হত্যার পর গণমাধ্যমগুলোতেও মব-কে ‘উৎসুক জনতা’ নামে অভিহিত করতে দেখা গিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। মনে হয়েছে যেন সরকারি চাপেই তারা মব শব্দ পরিহার করেছেন। কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সামনেই শামীম বাবার দরবার শরীফে হামলা চালিয়ে পীর শামীমকে হত্যা করা হয়েছে, পুলিশ নির্বিকার থেকেছে। আমরা দীর্ঘদিন থেকেই সরকারকে মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আহ্বান জানিয়ে আসছি। কিন্তু সরকার যেন কুম্ভকর্ণের মত ঘুমিয়ে রয়েছে। সরকার এমন ঘুমিয়ে থাকলে জনগণ সরকারের ঘুম ভাঙ্গানোর দায়িত্ব গ্রহণ করতে বাধ্য হবে, যা সরকারের জন্য মোটেও সুখকর হবে না। সারাদেশে মব সন্ত্রাস বন্ধে সরকারের অবস্থান জনগণের সামনে পরিষ্কার করতে হবে। অবিলম্বে কুষ্টিয়ায় পীর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আটক করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। একই সঙ্গে সারাদেশে সংঘটিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করে। বাংলাদেশের সব নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানায় ছাত্র ইউনিয়ন।