উত্তর আমেরিকায় ১২ হাজার বছরের পুরোনো পাশার খোঁজ
Posted: 19 এপ্রিল, 2026
একতা বিজ্ঞান ডেস্ক :
মানুষের বিনোদন এবং গণিত চর্চার ইতিহাসে এক নতুন অধ্যায় খুলেছে উত্তর আমেরিকায় ১২ হাজার বছরের পুরোনো পাশার ঘুঁটির সন্ধান পাওয়ায়। এর আগে প্রাচীনতম পাশা হিসেবে এশিয়া বা মধ্যপ্রাচ্যের সংস্কৃতির বস্তুগুলোকে ধরা হতো। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, প্রাচীন আমেরিকান আদিবাসীরা হাড় বা কাঠের তৈরি দ্বিমুখী ঘুঁটি ব্যবহার করত। ঘুঁটিগুলোর দুই পিঠে ভিন্ন রঙ বা চিহ্ন থাকত, এবং এগুলো একসাথে হাতে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফলাফল নির্ধারণ করা হতো।
গবেষণায় প্রায় ৫৭টি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে ৫৬৫টি পাশার ঘুঁটি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাচীন ফলসাম সংস্কৃতির ঘুঁটি প্রায় ১২ হাজার ২০০ থেকে ১২ হাজার ৮০০ বছরের পুরোনো। কিছু ক্লোভিস ঘুঁটি প্রায় ১৩ হাজার বছরের পুরোনো হতে পারে। এর আগে এশিয়া বা মধ্যপ্রাচ্যে পাওয়া প্রাচীনতম পাশার বয়স মাত্র ৫ হাজার ৫০০ বছর। ইতিহাসবিদদের মতে, পাশা কেবল বিনোদনের জন্যই ছিল না। এটি সামাজিক সংহতি এবং আদিবাসী গোষ্ঠীর মধ্যে সম্পর্ক মজবুত করার মাধ্যম হিসেবেও ব্যবহার হতো। পাশার মাধ্যমে মানুষ সম্ভাবনা এবং দৈবচয়নের নীতি বোঝার চেষ্টা করত, যা গণিতচর্চা ও বিনোদনের একটি প্রাচীন রূপ হিসেবে বিবেচিত হয়।