ইরানিদের সহায়তায় এগিয়ে আসলো কাশ্মীরিরা

Posted: 19 এপ্রিল, 2026

একতা বিদেশ ডেস্ক : ইরানের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশে নজিরবিহীন মানবিক উদ্যোগ দেখা যাচ্ছে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইরানি বেসামরিক মানুষের সহায়তায় অনেক কাশ্মীরি নিজেদের মূল্যবান সম্পদ দান করছেন। এর মধ্যে রয়েছে অতি মূল্যবান স্বর্ণের গয়নাও। এছাড়া বছরের পর বছর ধরে মাটির ব্যাংকে জমানো অর্থও দিয়ে দিচ্ছেন তারা। কাশ্মীরের স্থানীয় সূত্র বলছে, ইতিমধ্যে সংগৃহীত সহায়তার পরিমাণ ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। শ্রীনগর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আল-জাজিরা জানায়, চলতি বছরের ২১ মার্চ ঈদুল ফিতরের দিন কেন্দ্রীয় কাশ্মীরের বুদগামের ৫৫ বছর বয়সী মাসরাত মুখতার তার বাবার দেওয়া জন্মদিনের উপহার স্বর্ণের কানের দুল দান করেন ইরানের মানুষের জন্য। শুধু তিনি নন, তার আত্মীয়রাও নিজেদের মূল্যবান জিনিসপত্র নিয়ে ইরানের পাশে থাকার জন্য এগিয়ে আসেন। ঈদের মতো শুভ দিনে তাদের প্রথাগত আচার-অনুষ্ঠান ও উদযাপন থামিয়ে দিয়ে ১৬০০ কিলোমিটারেরও বেশি দূরে থাকা ইরানের জনগোষ্ঠীর জন্য এই নগদ অর্থ, গৃহস্থালির জিনিসপত্র এবং ব্যক্তিগত সম্পদ দান করেছেন তারা।