‘ভাগ’
Posted: 19 এপ্রিল, 2026
একতা প্রতিবেদক :
এই জগত বিচিত্রময়। সবচেয়ে বড় বিচিত্র জিনিস হচ্ছে রাজনীতি, এ বৈচিত্রের কোনো দেশ নাই। প্রতিনিয়ত সে তার ভাব, স্বআচরণ পরিবর্তন করে জগতে টিকে থাকে। চাহিদা ও লক্ষ্যে সে প্রতিনিয়ত নতুন নতুন খাতের জন্ম দিচ্ছে।
এতদিন মানুষ বলতো রাজনীতি হচ্ছে চর দখলের খেলার মতো। কেউ বলত, হল দখলের মত। এসব বলে বলে নদী-খাল থেকে দেশ সব রাজনৈতিক নেতারা ভাগাভাগি করে দখল করে ফেলেছে।
দেশেও সবকিছু দখল শেষ হয়ে গেছে। আর কিছু দখল বোধহয় বাকি নেই। কিন্তু দখলে ভাগ বসাতে না পারলে রাজনীতি করে লাভ নেই। তাই এখন নতুন এক সম্ভাবনা রাজনীতিবিদদের সামনে এসেছে।
খবরে বলা হচ্ছে, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে জোর লড়াই চলছে। হ্যাঁ, হ্যাঁ ঠিকই পড়েছেন।
খবরে জানা গেছে, সেখানে কাহালগাঁও বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি কোম্পানি লেয়ার মুরগি লালন-পালন করছে। আগে সেই ফার্মের মুরগির বিষ্ঠা আওয়ামী লীগের নেতারা নিতেন। বিনামূল্যে পাওয়া সে বিষ্ঠা তারা একাই ভাগাভাগি করে খেতেন।
পরে আসে বিএনপি। আওয়ামী লীগের পতনের পর তাদের নেতাকর্মীরাই বিষ্ঠা নিতেন। কিন্তু ঝামেলা বেধেছে নির্বাচনে জামায়াত পাস করার পর। আগের হিসাব অনুযায়ী বিষ্ঠা তাদের কপালেই জোটার কথা। এমনকি দাড়িপাল্লার সংসদ সদস্যও নাকি কোম্পানির প্রতিনিধিকে কল করে বিষ্ঠার প্রতি তার নেতাকর্মীদের অধিকারের কথা জানিয়েছেন।
কিন্তু নির্বাচনের দুই মাস পেরেলোও বিষ্ঠা তাদের পাতে জোটেনি। বিষ্ঠার ভাগ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলে আসছে।
তাই বাধ্য হয়ে সম্প্রতি রাতের আঁধারে বাস, অটোরিকশা ও মাহিন্দ্রা করে দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী ওই কোম্পানিতে হানা দেয়। তারা সেখান থেকে নিজেদের জন্য পাঁচ ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। পরে বাজারে ডুকে হাতবোমার বিস্ফোরণ, হামলা-ভাঙচুর-লুটপাট ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের বিষ্ঠাধিকার প্রতিষ্ঠা করে।