সারাদেশে প্রচার ও গণসংযোগের উদ্বোধন

Posted: 19 এপ্রিল, 2026

একতা প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকার কর্তৃক সম্পাদিত অসম বাণিজ্য চুক্তিসহ জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং ইরানে মার্কিন-ইসরাইলী হামলা, গাজায় জায়নবাদী গণহত্যাসহ দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন-যুদ্দ বন্ধের দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট-এর পক্ষ থেকে মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৬ এপ্রিল থেকে সারা দেশে প্রচার ও গণসংযোগ সপ্তাহ শুরু হয়েছে। ১৬ এপ্রিল কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ব্যানার ফেস্টুনসহ মিছিল সহকারে লিফলেট বিলি ও গণসংযোগ করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পথে পল্টন মোড় ও সোনালী ব্যাংকের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সমাবেশে ও পথসভাসমূহে বক্তব্য রাখেন ও প্রচার সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন জোটের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য রাগিব আহসান মুন্না, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা। গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাসদ (মাহবুব) কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শহীদুল ইসলাম, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস জুলফিকার আলী, জোটের নগর নেতা খালেকুজ্জামান লিপন, সামছুল আলম জুলফিকার, সীমা দত্ত, মাঈন উদ্দিন চৌধুরী, সুশান্ত সিনহা সুমন, সমির সরকার, সুস্মিতা মরিয়ম সুপ্তি, ছাত্রনেতা রায়হান উদ্দিন, বিশ্বজি’ শীল প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, এই বাণিজ্য চুক্তি কার্যকর হলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়বে। আমাদের কৃষি, শিল্প, বাণিজ্য আমেরিকার কাছে জিম্মি হয়ে পড়বে। আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি দামে গম, তুলা, সয়াবিন, মাছ, মাংস, এলএনজি ও সমরাস্ত্র কিনতে বাধ্য হবো। বছরে প্রায় ১৩০০ কোটি ডলার রাজস্ব হারাবো; অর্থনৈতিক নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হবে। ফলে এই দেশ বিক্রির বাণিজ্য চুক্তি অন্তর্বর্তী সরকার এখতিয়ার বহির্ভূতভাবে অতি গোপনে কাউকে না জানিয়ে করেছে। নেতৃবৃন্দ এই অধিবেশনেই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা করে দেশের স্বার্থ বিরোধী শর্ত চুক্তি থেকে বাদ দেওয়ার দাবি করেন। এই চুক্তি সম্পূর্ণ বাতিল করার দাবি জানান। নেতৃবৃন্দ আগামী ২২ এপ্রিল পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় প্রচার কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান এবং আগামী ২৭ এপ্রিল চুক্তি বাতিলের দাবিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্পিকারের নিকট স্মারক লিপি পেশের কর্মসূচি সফল করে গোলামীর বাণিজ্য চুক্তি বাতিল করতে সকরারকে বাধ্য করার জন্য আহ্বান জানান। একই দাবিতে ১৬ এপ্রিল বিকেল ৫টায় মিরপুরে প্রচার ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়। ১০ নং গোলচত্তরে মেট্রোস্টেশন থেকে ঐ এলাকার আশে পাশে ২নং ও মূল ১০নং এলাকায় লিফলেট বিলি, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। মিরপুরের পথসভায় বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রাগীব আহসান মুন্না গোলাম মর্তুজা, আশফাকুর রহমান সবুজ, নাসির উদ্দিন প্রিন্স, রাশেদ শাহরিয়ার প্রমুখ নেতৃবৃন্দ। যাত্রাবাড়ী পার্ক এবং বাহাদুর শাহ পার্ক ও সদরঘাট এলাকায় গণসংযোগ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট-এর পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রচার ও গণসংযোগ সপ্তাহের দ্বিতীয় দিনে ১৭ এপ্রিল বিকেল ৫টায় যাত্রাবাড়ী পার্ক থেকে ফারুক রোড পর্যন্ত লিফলেট বিলি, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। যাত্রাবাড়ীর কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাম্রাজ্যবাদ ও যুদ্ধ বিরোধী জোটের কেন্দ্রীয় নেতা বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না, বাসদ (মাহাবুব) মহিন উদ্দিন চৌধুরী লিটন, বাসদ (মার্কসবাদী) নেতা শাহীনুর আক্তার সুমি, স্থানীয় নেতা শামছুল আলম জুলফিকার , সাইফুল ইসলাম সমীর, নবী হোসেন, মাহীন সিকদার প্রমুখ। একই দিনে বিকাল ৫টায় বাহাদুর শাহ পার্ক থেকে সদরঘাট, ইসলামপুর এলাকা পর্যন্ত লিফলেট বিলি, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা জলি তালুকদার, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য বেলাল চৌধুরী, বাসদ (মার্কসবাদী) নেতা মানস নন্দী, স্থানীয় নেতা আব্দুস সালাম খোকন, অ্যাডভোকেট বিমল শাহা, রায়হান উদ্দীন প্রমুখ।