জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল করুন

Posted: 19 এপ্রিল, 2026

একতা প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অসম বাণিজ্য চুক্তিসহ সকল জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিল এবং অবিলম্বে বাণিজ্যচুক্তি নিয়ে সংসদে এজেন্ডা করে আলোচনা করার দাবি জানিয়েছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট। ১৩টি বামপন্থি, প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোটের আহ্বানে গত ১১ এপ্রিল সারা দেশে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়ভাবে বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, যা বাংলাদেশের অর্থনীতি, কৃষি-শিল্প, কর্মসংস্থান, নিরাপত্তা ও সার্বভৌমত্বকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুকিতে ফেলবে। চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, এই চুক্তির ফলে বাংলাদেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষিপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হবে, একই সঙ্গে দেশীয় শিল্প ও কৃষি খাত মারাত্মক প্রতিযোগিতার মুখে পড়বে এবং বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারাবে। এছাড়া অন্যান্য দেশের সাথে স্বাধীনভাবে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপের মাধ্যমে দেশের নীতিনির্ধারণী স্বাধীনতায় হস্তক্ষেপ করবে যা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলবে। নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকার তার এখতিয়ার বহির্ভূতভাবে নির্বাচনের মাত্র ৩ দিন আগে এই চুক্তি স্বাক্ষর করেছে, যা গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থি। নেতৃবৃন্দ ইরানে মার্কিন-ইসরাইলি হামলা, ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান। সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদ (মাহবুব) কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ থেকে ১৬- ২২ এপ্রিল সারাদেশে প্রচার ও গণসংযোগ সপ্তাহ এবং আগামী ২৭ এপ্রিল সংসদ অভিমুখে বিক্ষোভ ও স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করার কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান হয়।