দ্ব্যর্থহীনভাবে ইরানের পাশে আছি : অরুন্ধতী
Posted: 05 এপ্রিল, 2026
একতা বিদেশ ডেস্ক :
‘আমার কিছু বলার আছে, কারণ আমি আমার মায়ের মেয়ে এবং আমি শিরদাঁড়া সোজা করে তা বলতে চাই। ছোট্ট একটি কথা, বিশ্বকে গ্রাস করতে চলা এক যুদ্ধ নিয়ে।’ ভারতের রাজধানী নয়াদিল্লির কামানি মিলনায়তনে সম্প্রতি নিজের বই ‘মাদার মেরি কামস টু মি’ নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের শেষভাগে এভাবেই বক্তব্য শুরু করেন ভারতের প্রখ্যাত লেখক অরুন্ধতী রায়। তাঁর সঙ্গে আলোচনায় ছিলেন লেখক নীলাঞ্জনা রায়।
অরুন্ধতী রায় বলেন, ‘আমি জানি, আমরা আজ এখানে সমবেত হয়েছি মাদার মেরি কামস টু মি বইটি নিয়ে কথা বলতে। কিন্তু তেহরান, ইসফাহান, বৈরুত-এই সুন্দর শহরগুলো যখন আগুনে পুড়ছে, তখন সে কথা না বলে কি পারা যায়? মাদার মেরির নিঃসংকোচ ও স্পর্ধিত চেতনার সঙ্গে সংগতি রেখে আমি এই মঞ্চ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার কথা বলতে চাই, যা হয়েছে বিনা উসকানিতে, অবৈধভাবে। এটি গাজায় চলমান মার্কিন-ইসরায়েলি গণহত্যারই ধারাবাহিকতা। ‘একই কৌশল, যা আগেও দেখেছি। নারী ও শিশুহত্যা, হাসপাতাল বোমা হামলা, শহর ধ্বংস, তারপর নিজেরাই ভুক্তভোগী হওয়ার ভান করা।’ গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ চলার মধ্যেই মধ্যপ্রাচ্যে আরেক যুদ্ধের দামামা গত ২৮ ফেব্রুয়ারি বেজে ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলার মধ্য দিয়ে। এরপর দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যজুড়ে।
অরুন্ধতী রায় বলেন, ‘কিন্তু ইরান গাজা নয়। এই নতুন যুদ্ধ পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। আমরা শুধু পারমাণবিক বিপর্যয়ের সামনেই নয়, অর্থনৈতিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে আছি। যে দেশ হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলেছিল, তারা আবারও বিশ্বের প্রাচীনতম সভ্যতাগুলোর একটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে।’
ইরানের প্রতি সমর্থন প্রকাশ করে ভারতীয় এই লেখক বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত বলার আরও সুযোগ থাকবে। এখানে শুধু বলি, আমি দ্ব্যর্থহীনভাবে ইরানের পাশে আছি। কোনো দেশের শাসনব্যবস্থা বদলাতে হলে তা সে দেশের জনগণকেই করতে হবে। কোনো মিথ্যাবাদী, প্রতারক, লোভী, দখলদার, বোমা হামলাকারী সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের মিত্রদের মাধ্যমে নয়, যারা গোটা বিশ্বকে জোর করে দমিয়ে রাখতে চাইছে।’