আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি একটি ‘গোলামি চুক্তি’
Posted: 05 এপ্রিল, 2026
একতা প্রতিবেদক :
আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে ‘গোলামি চুক্তি’ হিসেবে অভিহিত করে অবিলম্বে দেশের স্বার্থবিরোধী এই চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের নেতারা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩০ মার্চ বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিত পদযাত্রা এবং সমাবেশ থেকে এ দাবি জানান হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল। সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য জহিরুল ইসলাম।
আরও বক্তব্য দেন সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন, ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য ডা. সাজেদুল হক রুবেল এবং লাকী আক্তার, সদস্য হামিদ হোসেন।
উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রতন সিদ্দিকী, জেলা কমিটির সদস্য সাদেকুর রহমান শামীম, কল্লোল বণিক, জয়নাল হোসেন, শ্রমিক নেতা জাহানারা ইমাম, উত্তরা পূর্ব শাখার সম্পাদক জাকির হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশ রাষ্ট্রকে যেকোনো মূল্যে এই অনৈতিক ও অসম চুক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সরকারকে বাধ্য করতে হবে যেন তারা এই ইউনুস-মার্কিন চুক্তি বাতিল করে।
তারা উদাহরণ হিসেবে উল্লেখ করেন, মালয়েশিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুরূপ চুক্তি বাতিল করেছে। একইভাবে বাংলাদেশেও এই চুক্তি বাতিল করতে হবে। এ দাবিতে সিপিবি ঢাকা মহানগর উত্তর মাসব্যাপী কর্মসূচি পালন করবে। এ সময় সাতদিনব্যাপী সিপিবি ঢাকা মহানগর উত্তরের কর্মসূচি ঘোষণা করেন সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল।
পরে উত্তরার আজমপুর রেলগেট থেকে পদযাত্রা শুরু হয়ে আজমপুর স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
বাড্ডায় পথসভা: চুক্তি বাতিল না হলে গণআন্দোলন গড়ে তোলার হুশিয়ারি
সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথমদিন ১ এপ্রিল বিকাল ৫টায়, দক্ষিণ বাড্ডায় পুলিশ প্লাজার পিছনে ঝিলপাড় (হাতিরঝিল)-এ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা মহানগর উত্তরের সদস্য, বাড্ডা শাখার সম্পাদক শান্তনু কুমার দাসের সভাপতিত্বে এবং বাড্ডা শাখার সদস্য করিম শিকদারের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক কমরেড লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, মোতালেব হোসেন, শ্যামল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের সদস্য কল্লোল বণিক প্রমুখ।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, এই চুক্তি যদি বাতিল না করা হয়, সিপিবি তীব্র গণআন্দোলন গড়ে তুলবে। ইতিমধ্যেই সারাদেশে এই চুক্তির বিরুদ্ধে তীব্র বিরোধিতা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে ঢাকা মহানগর উত্তরের মাসব্যাপী কর্মসূচি চলবে।
লুনা নূর বলেন, অনির্বাচিত সরকারের কোনো অধিকার ছিল না এইরকম চুক্তি করার। তাদের মেটিকুলাস প্লানের শেষ পেরেক ছিল আমেরিকার সাথে অতিশয় গোপন বাণিজ্য চুক্তি। তথাকথিত বাংলাদেশপন্থীরা সংসদে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কোনো কথা বলছেন না।
লাকী আক্তার বলেন, এই চুক্তি বাংলাদেশকে আমেরিকার কলোনিতে পরিণত করবে। বাংলাদেশের সার্বভৌমত্ব আর থাকবে না। বাংলাদেশের শিল্প, কৃষি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে। এমনকি বিভিন্ন আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনৈতিক অবস্থানে বাংলাদেশকে আমেরিকাকে সমর্থন করতে বাধ্য করা হবে।
মোতালেব হোসেন বলেন, এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী চুক্তি। দেশপ্রেমিক জনগণকে এই চুক্তির বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
বক্তারা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাসব্যাপী সিপিবির কর্মসূচি সফল করার আহ্বান জানান।
হাতিরঝিলে পথসভা: দেশবিরোধী চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ইউনূস সরকার
পরে গত ২ এপ্রিল সিপিবি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে হাতিরঝিলে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মহানগর উত্তরের সদস্য ও হাতিরঝিল শাখার সদস্য মোস্তান শেরের সভাপতিত্বে এবং হাতিরঝিল শাখার সম্পাদক কল্লোল বণিকের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক লুনা নূর, সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার, মোতালেব হোসেন, শ্যামল বিশ্বাস ও জহিরুল ইসলাম।
হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, গোপনে এই চুক্তি করে আমেরিকার স্বার্থ রক্ষা করেছে ইউনুস সরকার। অনির্বাচিত সরকারের কোনো অধিকার ছিলো না এই ধরণের চুক্তি করার। চুক্তির কারণে কৃষি, শিল্প আর আন্তর্জাতিক বাজারে টিকতে পারবে না, কোন মতামত দিতে পারবে না বাংলাদেশ। তাই এই চুক্তি বাতিলের দাবিতে সিপিবি জনমত গড়ে তুলছে। দেশের জনগণকে সাথে নিয়ে সিপিবি চুক্তি বাতিল করাতে বাধ্য হবে।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর বলেন, বাংলাদেশের জনগণকে এই চুক্তি ভয়াবহ বিপর্যয়ের মধ্যে ঠেলে দেবে। এই চুক্তি বাতিল না হলে বাংলাদেশের স্বাধীন অবস্থান হারাবে। সংসদ অধিবেশন চলছে কিন্তু তথাকথিত বাংলাদেশপন্থীরা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কোনো কথা বলছেন না। এই চুক্তি বাতিল না হলে প্রয়োজনে রাজপথে কঠোর কর্মসূচি নেবে সিপিবি।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার বলেন, আমেরিকান সাম্রাজ্যবাদ তার তল্পিবাহক দিয়ে দেশে দেশে নতুন করে উপনিবেশ গড়ার পায়তারা করে যাচ্ছে। যুদ্ধবাজ ট্রাম্প সারা পৃথিবীতে যুদ্ধ বাধিয়ে আমেরিকার অস্ত্র ব্যবসা সম্প্রসারিত করছে। বাংলাদেশের জনগণকে তারা তাদের বাজারের হিসেবে বিবেচনা করে, শুধু তাদের পণ্য অতিরিক্ত দামে কিনতে বাধ্য করছে। একটা অনির্বাচিত সরকারের মাধ্যমে প্রতারণার চুক্তি করে গেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নেবে।
সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য মোতালেব হোসেন বলেন, এই চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী চুক্তি। দেশপ্রেমিক জনগণকে এই চুক্তির বিরুদ্ধে রাজপথে নামতে হবে।
বক্তারা বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মাসব্যাপী সিপিবির কর্মসূচি সফল করার আহ্বান জানান।