মৌলভীবাজার সদর-রাজনগরে জহর লাল
Posted: 01 ফেব্রুয়ারী, 2026
এরশাদবিরোধী গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল জহর লাল দত্তের। পরে শ্রমিক শ্রেণির রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার নির্যাতন ও পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন, তবুও গণমানুষের অধিকার প্রশ্নে আপস করেননি। নারী আন্দোলন, ছাত্র-যুব-কৃষক আন্দোলন এবং তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে জাতীয় সম্পদ রক্ষার সংগ্রামে মৌলভীবাজার ও আশপাশের অঞ্চলে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বর্তমানে সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর এ সদস্য তথ্য অধিকার আইন বাস্তবায়নে মৌলভীবাজার সদর ও রাজনগরে প্রায় ৪ হাজার আবেদন করে ইউনিয়ন পরিষদ ও সরকারি দপ্তরে স্বচ্ছতা আনার উদ্যোগ, ওয়ার্ড সভা চালু করা, শীতবস্ত্র বিতরণ, করোনা সময়ে খাদ্য সহায়তা প্রদানসহ নানান রাজনৈতিক ও সামাজিক কাজে যুক্ত ছিলেন।
সিিিপবি জেলা কমিটির সাবেক এ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহর লাল বর্তমানে বাংলাদেশ কৃষক সমিতির জেলা সাধারণ সম্পাদক, পাশাপাশি উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের সভাপতি। এবারের সংসদ নির্বাচনে তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে সিপিবির কাস্তে মার্কার প্রার্থী।