ঢাকা-১২ এ কল্লোল বনিক

Posted: 01 ফেব্রুয়ারী, 2026

কলেজ জীবনেই ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হওয়া কল্লোল বনিক ছাত্র আন্দোলনের দীর্ঘ সময়ে ছাত্রী নিপীড়ন, ভর্তি ফি বৃদ্ধি, যৌন নিপীড়ন, প্রশ্নফাঁস, ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন এবং বারবার হামলা-নিপীড়নের শিকার হন। শিক্ষক দম্পতির সন্তান কল্লোল ১৯৮৩ সালে মগবাজারে জন্ম নেন। সেন্ট জোসেফ স্কুল, নটরডেম কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো দেশসেরা প্রতিষ্ঠানে পড়াশোনা শেষে উচ্চতর ডিগ্রি নেন সুইডেনের স্কভদি বিশ্ববিদ্যালয় থেকে। শোষিত-নিপীড়িত কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের পক্ষে আন্দোলন-সংগ্রামের এ সাহসী সংগঠক কানসাটে কৃষক হত্যার প্রতিবাদ, বিদ্যুৎ-সার সংকটবিরোধী হরতাল ও জরুরি আইন ভেঙে মিছিলে গ্রেফতার হওয়াসহ জাতীয় সম্পদ রক্ষার একাধিক লংমার্চে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পরে যুক্ত হন ক্ষেতমজুর আন্দোলনে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও সরকারি অনলাইন সিস্টেমের পরামর্শক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলেও এখন রাজনীতিই তার প্রধান দায়িত্ব। ২৪-এর গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে শ্রমিক ছাঁটাই-দ্রব্যমূল্য বৃদ্ধি ও বন্দর রক্ষার সংগ্রামে তিনি ধারাবাহিকভাবে সক্রিয়। সিপিবি ঢাকা মহানগর উত্তর কমিটির সদস্য ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির এ সহ-সাধারণ সম্পাদক এবার কাস্তে মার্কা নিয়ে লড়ছেন ঢাকা-১২ (তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলা নগর) আসনে।