‘নিশ্চয়তা’
Posted: 25 জানুয়ারী, 2026
একতা প্রতিবেদক :
সম্প্রতি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া মোট ৩ হাজার ৬১টির মধ্যে ২ হাজার ২৫৯টি উদ্ধার করা হয়েছে। এখনও ১ হাজার ৩৬০টি অস্ত্র উদ্ধার হয়নি।
কেন উদ্ধার করা হয়নি বা যায়নি তার একটি ব্যাখ্যাও দিয়েছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, ‘থানা থেকে লুট হওয়া কিছু অস্ত্র আছে সেগুলো এখনো উদ্ধার করা যায়নি। সেগুলো হয়ত খাল-বিল-নদীতে ফেলে দিয়েছে। এজন্য উদ্ধার করা সম্ভব হচ্ছে না।’
মানুষের মধ্যে ভয় কাজ করছে, আগামী এসব অস্ত্র ব্যবহার করা হবে কি-না?
উপদেষ্টা নিশ্চিত করে বলেছেন, ‘তবে পুলিশের লুট হওয়া এই অস্ত্র নির্বাচনকালে ব্যবহার করতে পারবে না এ প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি।’
৫ অগাস্টের পর থেকেই বাংলার মানুষ এই উপদেষ্টার উপর ভরসা রেখেছে। ভরসা রেখে কী কী অর্জন করা গেছে, তার মধ্যে রয়েছে-
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশে ২ হাজার ৯১১টি হত্যা মামলা হয়েছে। দৈনিক গড় হিসাব করলে দাঁড়ায় প্রায় ১১টি খুন। এটা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
তারপরও বাংলার মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার ওপর আস্থা হারায়নি। এর ফল হিসেবে গত ১৬ মাসে সারাদেশে অন্তত ১১৩টি মাজার ও এ সম্পর্কিত স্থাপনায় হামলা হয়েছে বলে গবেষণা প্রতিষ্ঠান রাসা সেন্টার জানিয়েছে।
তবুও দেশের মানুষকে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিশ্রুতির উপর ভরসা রাখতে হবে।
কারণ- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, ৫ অগাস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে মোট ১ হাজার ৭৬৯টি সাম্প্রদায়িক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব হামলা, ভাঙচুর এবং লুটপাটের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন, সম্পদ ও উপাসনালয়ের ওপর ২ হাজার ১০টি ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।
যদিও সরকার বলছে, সব ঘটনা রাজনৈতিক নয়।