ফরিদপুর সদরে
রফিকুজ্জামান লায়েক
Posted: 26 জানুয়ারী, 2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরবাসীর আকাঙ্ক্ষা ও সিপিবি’র সিদ্ধান্তে ফরিদপুর-৩ (সদর) আসন থেকে কাস্তে মার্কায় নির্বাচন করছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক।
সংগ্রামী এই জননেতার নির্বাচন করার সিদ্ধান্তে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। বিশেষ করে এলাকার শ্রমজীবি-মেহনতি মানুষের মধ্যে নিজেদের অধিকারের লড়াইয়ে সাথীকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করার জন্য ব্যাপক উৎসাহ ও কর্মতৎপরতা তৈরি হয়েছে।
রফিকুজ্জামান লায়েক সালতা উপজেলার মুরাটিয়া গ্রামের নিম্নমধ্যবিত্ত কৃষক পরিবারের ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। আট ভাই-বোনের মধ্যে তৃতীয় লায়েক।
১৯৭৮ সালে সপ্তম শ্রেণিতে পড়া অবস্থায় নগরকান্দা উপজেলার শিশু কিশোর সংগঠন খেলাঘরের সঙ্গে যুক্ত হন। পরবর্তী সময়ে ডা. দীলিপ কুমার রায়ের অনুপ্রেরণায় অষ্টম শ্রেণিতে পড়ার সময় যুক্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে। নির্বাচিত হন ছাত্র ইউনিয়নের এমএন একাডেমি নগরকান্দা স্কুল শাখার সহকারী সাধারণ সম্পাদক। স্কুলে পড়ার সময় তিনি অনুসন্ধানী বিজ্ঞান ক্লাবের সঙ্গেও যুক্ত ছিলেন।
কলেজে অধ্যায়নরত অবস্থায় ছাত্র ইউনিয়ন নগরকান্দা মহাবিদ্যালয় কমিটির আহ্বায়ক ও জেলা কমিটির দুই বার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যুক্ত হওয়ার কারণে মিথ্যা মামলায় আত্মগোপনেও থাকেন দুই মাস। ফরিদপুরে রেল চালুর আন্দোলন, পাটের মূল্য বৃদ্ধি, জেলায় পাটকল স্থাপনের আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন লায়েক।
ছাত্র অবস্থায় অন্যের বাড়িতে লজিং থেকে সংগ্রামের মধ্য দিয়ে শিক্ষা ও রাজনৈতিক জীবনকে এগিয়ে নিয়েছেন।
নানা প্রতিকূলতার মাঝে পথ চলায় লায়েক কখনও থেমে থাকেননি। ছাত্র জীবন শেষ করে তিনি যুব ইউনিয়নের সঙ্গে যুক্ত হন। ১৯৮৯-৯৩ সাল পর্যন্ত তিনি জেলা যুব ইউনিয়নের সম্পাদকমণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে শ্রমিক শ্রেণির মুক্তির লক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিতে যুক্ত হন। দুই বছর পর পান পূর্ণাঙ্গ সদস্যপদ।
৯০ এর দশকে সমাজতান্ত্রিক রাষ্ট্রসমূহের বিপর্যয়ের সময় তিনি পার্টির মূল ধারায় থেকে ফরিদপুর জেলা পার্টিকে বিলোপবাদীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে পার্টি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। সেই সময় তিনি জেলা পার্টির সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৫ সালে সাধারণ সম্পাদক এবং ২০১৬ সাল থেকে জেলা পার্টির সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৯৯ সালে লায়েক সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক, ২০০১ সালে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ২০১২ সাল থেকে সভাপতিমণ্ডলীর সদস্যের দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালে গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসাবে সিপিবি’র পক্ষ থেকে কাস্তে মার্কার প্রার্থী হিসাবে ফরিদপুর-২ (নগরকান্দা-সালতা) আসনে নির্বাচন করেন।