বৃহত্তর বাম গণতান্ত্রিক শক্তি বলয় গড়ে তোলার ডাক

Posted: 26 অক্টোবর, 2025

একতা প্রতিবেদক : দেশব্যাপী অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝটিকা সফর, সমাবেশ, পথসভা ও কর্মীসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশের মানুষের সমস্যা সংকট দিনে দিনে যেভাবে বাড়ছে। সে ক্ষেত্রে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী মেহনতি মানুষ ও দেশের বাম গণতান্ত্রিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় না যাওয়া পর্যন্ত মানুষের কোন মুক্তি নেই। নেতৃবৃন্দ আহ্বান করেন- পাহাড় সমতলের আদিবাসী, চা শ্রমিক, গার্মেন্ট শ্রমিক, দলিত, হরিজন, মৎস্যজীবী, মাঝি মল্লার, বেদে সম্প্রদায়, তৃতীয় লিঙ্গের মানুষকে ঐক্য করে বৃহত্তর বাম গণতান্ত্রিক শক্তির সরকার গড়ে তোলার লড়াই বেগবান করার। কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বাম-গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বানে গত ১৩ থেকে ১৪ অক্টোবর সারাদেশে এই কর্মসূচি পালন করে সিপিবি। ১৪ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সিপিবি। সমাবেশ ও জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও জেলা-উপজেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জ : আগামী ১৪ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে কমিউনিস্ট পার্টির জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে সমাবেশ ও পথসভা করেছে সিপিবি জেলা কমিটি। চট্টগ্রাম বন্দর ইজারা দেয়া, রাখাইনের মানবিক করিডোর স্থাপন, মুক্তিযুদ্ধ ও সংবিধানের চার মূলনীতি নিয়ে ষড়যন্ত্র, কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য সংগ্রাম জোরদার করা এবং বামপন্থী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বানে জাতীয় সমাবেশের ডাক দিয়েছে সিপিবি। গত ২২ অক্টোবর বিকেল ৪টায় চাষাড়া শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী। এসময় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন, জেলা কমিটির সদস্য আ. হাই শরীফ, জাকির হোসেন, মনিরুজ্জামান চন্দন ও শ্রমিক নেতা ইকবাল হোসেন। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়া ও দেশে মিয়ানমারের রাখাইন প্রদেশের মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্ত দেশবিরোধী আন্তর্জাতিক ভূরাজনৈতিক চক্রান্তের অংশ। যার মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভূরাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্ত উদ্বেগজনক। দেশে মার্কিন আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে। আমাদের দেশের ভূখণ্ড বন্দর সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীদের দেয়া যাবে না। দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ডেঙ্গুর প্রকোপ থেকে দেশবাসীকে রক্ষায় দায়িত্বশীল পদক্ষেপ নিতে সরকারকে বাধ্য করতে হবে। নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধ ও সংবিধানের চার মূলনীতি নিয়ে কোন আপোষ নয়। এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভিত্তি। এই চার মূলনীতির মধ্যে রয়েছে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, যা একটি স্বাধীন ও সমৃদ্ধ দেশ গড়ার অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের অস্তিত্ব ও পরিচয়ের মৌলিক অংশ। এটা নিয়ে কোন আপোষ নেই। অন্তর্বর্তী সরকারের এ সময়কালে উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। ইউনূস সরকারের রাষ্ট্রীয় নীতি উগ্রবাদী শক্তির রাজনৈতিক মতবাদ ও লক্ষ্য’কে পুষ্টি যোগাচ্ছে। প্রত্যক্ষ ও পরোক্ষ মদদের মাধ্যমে এই শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার মিশন অগ্রসর করা হচ্ছে। এই মিশন রুখে দিতে সিপিবির রাজনৈতিক সংগ্রামে যুক্ত হোন। খুলনা : গত ১৩ অক্টোবর বিকেল ৫টায় নগরীর পিকসার প্যালেস মোড়ে সমাবেশ করে সিপিবি। সিপিবি খুলনা জেলা কমিটি সভাপতি এস এ রশীদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, কেন্দ্রীয় সদস্য আসলাম খান। এর আগে পার্টি অফিসে জেলা কর্মী সভা অনুষ্ঠিত হয়। পরে লাল পতাকা মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অপরদিক ১৪ অক্টোবর সকাল ১০টায় এক ঝটিকা সফর রূপসাঘাট থেকে শুরু করে ময়লাপোতা, গল্লামারী, সোনাডাঙ্গা, বয়রা নতুন রাস্তা, দৌলত, ফুলতলা, নয়াপাড়া, শংকরপাশা ও গোবরা হয়ে নাড়াইলে গিয়ে শেষ হয়। প্রতিমধ্যে পথসভা, প্রচার পত্র বিলি এবং নড়াইলে জনসমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী : রাজবাড়ীতে সিপিবির পথসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিপিবির উদ্যোগে ১৪ অক্টোবর সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এই পথসভাটি অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য জলি তালুকদার, সদস্য পরেশ কর, মানবেন্দ্র দেব। আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অরুণ কুমার সরকার, জেলা ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক শুশান্ত কুমার রায়, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা সিপিবির সদস্য আব্দুল হালিম। সভা সঞ্চালনা করেন সিপিবি নেতা এজাজ আহম্মেদ। পথসভা শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদিক্ষণ করে জেলা উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়। বগুড়া : কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিয়ে বামপন্থী-গণতান্ত্রিক সরকার গঠন করার আহবান জানিয়ে দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির কর্মসূচি পালিত হচ্ছে। গত ১২ অক্টোবর সকাল ১১ ঘটিকায় উদীচী কার্যালয়ে সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি আমিনুল ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আলী শেখের সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, সহকারী সাধারণ সম্পাদক সাজেদুর রহমান ঝিলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, শাহনিয়াজ কবির খান পাপ্পু প্রমুখ। কর্মীসভা শেষে লাল পতাকা মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সাতমাথা, চেলোপাড়া শাপলা চত্বর, কালিতলাহাট ও কলেজ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। যশোর : সিপিবি যশোর জেলা কমিটির উদ্যোগে গত ১২ অক্টোবর বিকাল ৪টায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভা শেষে লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সভায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ নভেম্বর বিকেল ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে জেলার সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানানো হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য এস. এ. রশিদ। সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান মজনু। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা পার্টির সাধারণ সম্পাদক আবু হাসান, আমিনুর রহমান হিরু, মফিজুর রহমান নান্নু, আব্দুর রহিম, স্বপন মণ্ডল প্রমুখ। বক্তারা দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন জোরদার করার আহ্বান জানান। নীলফামারী : গত ১১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক সিপিবি নীলফামারী জেলা কমিটির কর্মীসভা আতিয়ার রহমানের সভাপতিত্বে উদয়ন শিশু বিদ্যা পিঠে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সুকান্ত শফি চৌধুরী, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সম্পাদক অস্বীনী কুমার বিশ্বাস, দেলোয়ার হোসেন জাভিস্কো, ম আ শামীম, রঞ্জু, গোপাল, উদাস রায়, মনি সিংহ, প্রিন্স চাকলাদার, অধীর, নিতাই রায় প্রমুখ। বক্তারা ১৪ নভেম্বরের জাতীয় সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করেন। গত ১৪ অক্টোবর দুপুর ২ টায় সিপিবি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী জেলার সৈয়দপুর জিআরপি পুলিশ ফাঁড়ির মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সুকান্ত শফি চৌধুরী কমল ও মঞ্জুর মঈন। সৈয়দপুর উপজেলা সিপিবি সভাপতি ম আ শামিমের সভাপতিত্বে ও টুটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা কমিটির সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সৈয়দপুর উপজেলা কমিটির সদস্য সফিউল ইসলাম রঞ্জু, ডিমলা উপজেলার মনি সিংহ, নীলফামারী সদর উপজেলার সাধারণ সম্পাদক অস্বীনী কুমার বিশ্বাস, সৈয়দপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাভিস্কো, মাহুবুব। সভায় বক্তারা আগামী ১৪ নভেম্বর জাতীয় সমাবেশ সফল করার প্রত্যয় ব্যক্ত করে। ঠাকুরগাঁও : ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ে কর্মীসভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ অক্টোবর দুপুরে সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে উদীচী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক আহছানুল হাবীব বাবুর সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কামটির সদস্য সুকান্ত শফি চৌধুরী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, সাধারণ সম্পাদক মর্তুজা আলম, হরিপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন, রানীশংকৈল উপজেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান, বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম প্রমুখ। কর্মীসভা শেষে এক লাল পতাকা মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর : গত ১৩ অক্টোবর সকাল ১০ ঘটিকায় সিপিবি মেহেরপুর জেলা কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মোশারফ হোসেন (মুসা করিম), সঞ্চলনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কানন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য পরেশ কর। বক্তব্য রাখেন, মিজানুর রহমান, আ. হাকিম, রফিকুল ইসলাম প্রমুখ। চট্টগ্রাম : ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিপিবি চট্টগ্রাম জেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ অক্টোবর সিপিবি চট্টগ্রাম জেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়। সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভুঁইয়ার পরিচালনায় ৪৪ হাজারি লেইন কার্যালয়ে কর্মীসভাটি অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, সিপিবি চট্টগ্রাম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুথান পরবর্তী সময়ে দেশের মানুষের বৈষম্য দূর না করে, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার সংস্কার বাদ দিয়ে দেশের সার্বভৌমত্ব বিরোধী বিভিন্ন কার্যক্রম করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়াসহ আমাদের গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধকে সংবিধান থেকে বাদ দেয়ার মত হীন চক্রান্ত করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, যেকোন পরিস্তিতিতে সিপিবি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি রক্ষার জন্য লড়াই করবে, এবং দেশের মেহনতি কৃষক, শ্রমিক জনগণের অধিকার আদায়ে আন্দোলন জোরদার করবে। নেতৃবৃন্দ সমাজ বদলের লক্ষ্যে, শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানান। ময়মনসিংহ : ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ঢাকার সিপিবির জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে সিপিবি ময়মনসিংহ জেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর বিকালে উদীচী-মহিলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। সভাপতিত্ব করেন সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি এমদাদুল হক মিল্লাত। এসময় আরও বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরা বেগম অনু, সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান জুয়েল। কর্মীসভা সঞ্চালনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ বাহার মজুমদার। কর্মীসভায় সিপিবির সভাপতি জাতীয় সমাবেশ বিষয়ে পার্টির দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সমাবেশ সফল করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। সমাবেশ সফল করার জন্য সিপিবি-ময়মনসিংহের উপজেলা কমিটির নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল কাদের মাস্টার, মুক্তাগাছা উপজেলা কমিটির সভাপতি ব্রজগোপাল দাশ শ্যামল, তারাকান্দা উপজেলা কমিটির সভাপতি আমীর উদ্দিন মাস্টার, ফুলপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন, ত্রিশাল উপজেলা শাখার সম্পাদক আতাহারুল ইসলাম শ্যামল, গৌরীপুর উপজেলা কমিটির সভাপতি মুজিবুর রহমান ফকির, গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক সাইফুস সালেহীন, ময়মনসিংহ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সোহেল, সাংস্কৃতিক শাখার সম্পাদক আতাউর রহমান, নারী শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন, সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ জুন। নোয়াখালী : গত ১৪ অক্টোবর বিকাল ৪.৪৫ টায় মাইজদী টাউন হল মোড়ে সিপিবির পথসভা অনুষ্ঠিত হয়েছে। শহীদ উদ্দিন বাবুলের সভাপতিত্বে তপন ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক, কেন্দ্রীয় কমিটির সদস্য নিমাই গাঙ্গুলি, প্রদ্যুৎ কান্তি পাল প্রমুখ। পথসভার পূর্বে জেলা পার্টি অফিসে কর্মীসভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ: সিপিবির জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় ঝটিকা সফরের অংশ হিসেবে গত ১৪ অক্টোবর সাড়ে ১২টায় ঝিনাইদহের জেলা শহরের পোস্ট অফিস মোড়ে ও শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। উভয় পথসভায় যথাক্রমে সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি স্বপন বাগচী ও সিপিবি শেখপাড়া শাখা সম্পাদক রফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব, ছাত্র ইউনিয়ন ইবি সংসদ সভাপতি নূর আলম। পথসভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় সদস্য পরেশ কর, ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, সহকারি সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, জেলা কমিটির অন্যতম সদস্য কাজী ফারুক, তোফাজ্জ্বেল হোসেন লস্কর, আরিফুল ইসলাম মিটুল প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়াও, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়ায় সিপিবির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দা বাসস্ট্যান্ড, বগুড়া শেরপুর বাসস্ট্যান্ড, সিরাজগঞ্জ রায়গঞ্জ ভুইঁয়াগাতি ও সিরাজগঞ্জ কড্ডার মোড়ে অনুষ্ঠিত সভাসমূহে বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আবিদ হোসেন, মহসিন রেজা, শহিদুল্লাহ সবুজ, নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা নুরুল আমিন, বগুড়া জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, সিপিবি নেতা আব্দুল বাকী ও দিলীপ সরকার।