অতীতের শাসকেরা ‘ফেল’ করেছে অন্তর্বর্তী সরকার ‘পাস’ করতে পারেনি

Posted: 07 সেপ্টেম্বর, 2025

পঞ্চগড় সংবাদদাতা : দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরেও মানুষের মুক্তি আসেনি। সব মানুষের মর্যাদা নিশ্চিত করা যায়নি। অতীতের শাসকগোষ্ঠী ‘ফেল’ করেছে। আর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল অনেক বেশি কিন্তু এ সরকারও পাস করতে পারছে না। বরং অপ্রয়োজনীয় বিষয়ে হাত দিয়ে নতুন নতুন সংকট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেছেন, নির্বাচনী পরিবেশ তৈরি এবং সকলের ভোটে দাঁড়ানো ও ভোট দেওয়ার সমধিকারের নিশ্চয়তা ছাড়া অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না। কিন্তু আমরা ক্ষোভের সাথে লক্ষ্য করলাম নির্বাচন কমিশন আরপিও সংশোধনের নামে নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে জামানতের টাকার পরিমাণ বাড়িয়েছে, খরচের পরিমাণও বাড়ানো হয়েছে। এছাড়া আরো নিয়ম কানুন করা হচ্ছে যা সবার ভোটে দাঁড়ানোর সময় সুযোগ নিশ্চিত করবে না। আরপিও সংশোধনীর জন্য রাজনৈতিক দল এবং অন্যদের সাথে কথা বলার প্রয়োজন পর্যন্ত তারা মনে করলো না। এ অবস্থা চলতে থাকলে নির্বাচন কমিশনের কাজও প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবে। নির্বাচনকে আবার বড় লোকের খেলায় পরিণত করা হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র ও বৈষম্য মুক্তির। অনেকে কাগজে-কলমে লিখে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। বৈষম্য মুক্তির নিয়ত কোন আলোচনাই হলো না। দেশের সাধারণ মানুষের জীবন জীবিকা এক উৎকণ্ঠের মধ্য দিয়ে চলছে। মব সন্ত্রাস, আর জোর যার মুল্লুক তার সেইভাবেই চলছে। দুর্নীতি চাঁদাবাজি দখলদারিত্ব থেমে নেই। গণ অভ্যুত্থানের সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধবিরোধী এবং দেশবিরোধী দেশি-বিদেশি অপশক্তি নানা অপতৎপরতা চালাচ্ছে। গত ৪ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে পঞ্চগড় শহরে জেলা অডিটোরিয়াম চত্বরে সিপিবির পঞ্চগড় জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলন করেন যথাক্রমে রুহিন হোসেন প্রিন্স ও সিপিবি পঞ্চগড় জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলি। উদ্বোধনের পর মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, জেলা সাধারণ সম্পাদক আশরাফুল আলম, অধ্যক্ষ শফিউল আলম প্রমুখ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধ ফিরোজা খন্দকার চামেলি। এরপর পঞ্চগড় অডিটরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অেিধশনে আশরাফুল আলমকে সভাপতি এবং আফতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের জেলা কমিটি নির্বাচিত করা হয়। ঐকমত্যের অনেক বিষয়ে আলোচনা করলেও বৈষম্য নিরসন, কর্মসংস্থান তৈরি, শ্রমিকের ন্যূনতম মজুরি, কৃষক-ক্ষেতমজুরের সমস্যা নিয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি। সকলের বসবাসযোগ্য এবং মানুষের মর্যাদা নিশ্চিত করার দেশ গড়তে ব্যবস্থা বদল করতে হবে। এজন্য নীতিনিষ্ঠ বাম গণতান্ত্রিক শক্তির প্রগতিশীল শক্তির পতাকাতলে দেশবাসীকে সমবেত হওয়ার আহ্বান জানান সিপিবির সাধারণ সম্পাদক।