‘বদিউর রহমানের পথ ধরে উদীচী সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যাবে’
Posted: 31 আগস্ট, 2025
ঝিনাইদহ সংবাদদাতা :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমানের শোকসভায় বক্তারা বলেছেন, বদিউর রহমানের পথ ধরে উদীচী তার সাংস্কৃতিক সংগ্রাম চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় হাসি-গানে মুখরিত গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় উদীচী তার রাজনীতি সচেতন সাংস্কৃতিক সংগ্রাম পরিচালনা করে যাচ্ছে। এ লাড়ইকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
গত ২৩ আগস্ট ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত শোক ও স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি কে এম শরীফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিটুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ আনিছুর রহমান, উদীচীর সাবেক সহ-সভাপতি সুখেন রায়, কেন্দ্রীয় সংসদের সদস্য দয়াল দত্ত প্রমুখ।
আরও বক্তব্য রাখেন উদীচী চুয়াডাঙ্গা জেলা সংসদের সভাপতি হাবিবি জহির, মাগুরা জেলা সংসদের সভাপতি মিহির মজুমদার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, কুষ্টিয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সিপিবি ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন বাগচী, বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক সাহিদুল এনাম পল্লব, উদীচী খুলনা জেলা সংসদের সদস্য আব্দুল হালিম প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পরিবর্তনের ষড়যন্ত্র চলছে দেশে। চট্টগ্রামে করিডোর ও বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সাম্রাজ্যবাদী চক্রান্ত করছে সরকার। দেশ রক্ষায় মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান সংঘটনে পূর্বের ন্যায় উদীচী রাজপথে দেশবাসীর সঙ্গে লড়াইয়ে একাত্ম থাকবে।