টিসিবির লাইনে শুধু নিম্নবিত্ত নয় দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও

Posted: 31 আগস্ট, 2025

একতা প্রতিবেদক : বিরতির পর আবারও ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। গত ১০ আগস্ট থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। সাশ্রয়ী মূল্যে টিসিবির নিত্যপণ্য পেতে এবারও লাইনে মানুষের ভিড় বেড়েছে। এবারের লাইনে শুধু নিম্নবিত্ত নয়, দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও। ঢাকায় টিসিবির পণ্য বিক্রির কয়েকটি স্পটে এমন দৃশ্য চোখে পড়েছে। জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি’র) পণ্য বিক্রি কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো- স্বল্প আয়ের মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের জন্য টিসিবি পণ্য বিক্রি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে এই পণ্য বিক্রি কার্যক্রমে রাজধানীর আশেপাশের এলাকায় যা দেখা গেছে, তা অত্যন্ত হতাশাজনক। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য কিনতে না পেরে ফিরে যাচ্ছেন। আবার পূর্ব ঘোষিত স্থানে নির্ধারিত সময়ের পরে ট্রাক আসায় পণ্য কেনার জন্য হুড়োহুড়ি লেগে যাচ্ছে। দুর্বল ও বয়স্ক ব্যক্তিরা এই বিশৃঙ্খল পরিস্থিতিতে পণ্য কিনতে ব্যর্থ হন। নির্ধারিত স্থানে টিসিবির ট্রাক কখন আসবে জানেন না অনেকে। তারপরও সকাল থেকে রাস্তার ধারে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। এতে পণ্য কিনতে যাওয়া মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হলেও তা সহ্য করছেন। খোঁজ নিয়ে জানা যায়, দেশের বিভিন্ন স্থানে প্রভাবশালী মহলের হস্তক্ষেপ ও স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয় না হওয়ায় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে দীর্ঘদিন স্থবিরতা চলেছে। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নবিত্তসহ মধ্যবিত্ত পরিবারেও টিসিবি পণ্যের চাহিদা বেড়েছে। ঢাকা মহানগরীতে ৬০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে জানা গেছে। বর্তমান পরিস্থিতিতে টিসিবির পণ্যের সরবরাহ ও ট্রাকের সংখ্যা বাড়ানো জরুরি বলে মত অর্থনীতিবিদদের। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় সরকারি ট্রাকই তাদের শেষ আশ্রয়। আর তাই প্রতিদিন লাইন শুধু লম্বাই হচ্ছে, ছোট হচ্ছে না। এদিকে, চট্টগ্রাম নগরের রাজাপুকুর লেইনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন রণজিৎ কর্মকার (৭০) নামে একজন। গত ২১ আগস্ট বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রণজিৎ কর্মকার রাজাপুকুর লেইনে ভাড়া বাসায় থাকতেন।