দক্ষ ও সমতাভিত্তিক নগর গঠনের দাবি
Posted: 24 আগস্ট, 2025
একতা প্রতিবেদক :
‘ড্যাপ নিয়ে জটিলতা: টেকসই নগরায়ণ প্রসঙ্গ’ শীর্ষক এক নাগরিক সংলাপে বক্তারা বলেন, যানজট, দূষণ, দখলসহ নানাবিদ সমস্যায় জর্জরিত ঢাকা এখন মৃত নগরীতে পরিণত হয়েছে। নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসেবে এ জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দায়ী। ঢাকাকে বাঁচাতে হলে দুর্নীতি বন্ধ করা এবং রাজধানীর বিকেন্দ্রীকরণের পরামর্শও দেন তাঁরা।
গত ২০ আগস্ট সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এসব কথা কথা উঠে আসে।
ঢাকাকে বাসযোগ্য করতে ২০২২ সালের ২৩ আগস্ট বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ ২০২২-৩৫) গেজেট প্রকাশ করে রাজউক। এরপর থেকেই এর সংশোধন নিয়ে পক্ষে-বিপক্ষে তৈরি হয়েছে মতপার্থক্য। এ কারণে আটকে আছে ড্যাপের বাস্তবায়ন। এমন বাস্তবতায় এ সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সংলাপে রাজনীতিবিদ, ব্যবসায়ী, গবেষকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, প্রতিবছর ঢাকার জনসংখ্যা বাড়ছে। উপকূলীয় অঞ্চলগুলোর সমস্যা সমাধান করতে না পারলে এই হার আরও বাড়বে। ফলে রাজধানীর বিকেন্দ্রীকরণ ছাড়া উপায় নেই। এ সময় দক্ষ ও সমতাভিত্তিক নগরের দাবি জানান তিনি।
সংকট থেকে ঢাকাকে বাঁচাতে নতুন সরকারের চিন্তা করতে হবে। ঢাকা মেট্রোপলিটন গভর্নমেন্টের আওতায় অনেকগুলো পৌরসভা গঠন করা যেতে পারে। এর সঙ্গে পরিবহন, সবুজ আবাসনের মতো বিষয়গুলোও যুক্ত হতে হবে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।