শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ

Posted: 24 আগস্ট, 2025

নারায়ণগঞ্জ সংবাদদাতা : গার্মেন্টস শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবিমুখী শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলায় শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, জালাল হওলাদার ও আমিনুল ইসলামসহ শ্রমিকদের আহত করার প্রতিবাদ এবং শ্রমিক ছাঁটাই দমন-পীড়ন হামলা-মামলা বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। গত ১৫ আগস্ট বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে সমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইউছুব, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাকিম প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারি সরকার পরিবর্তন হলেও শ্রমিক ছাঁটাই, শোষণ-নির্যাতন, হামলা-মামলা বন্ধ হয়নি। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তী সরকারের সময়েও তা অব্যাহত রয়েছে। যা গণঅভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী বৈষম্যমুক্ত শোষণহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণের পরিপন্থি।