জুলাই শহীদদের স্মরণে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সমাবেশ
Posted: 10 আগস্ট, 2025
একতা প্রতিবেদক :
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন সমাবেশ-মিছিল ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচি পালন করেছে।
গত ২ জুলাই বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে জুলাই শহীদের স্মরণে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা জলি তালুকদার, কার্যকরি সভাপতি আব্দুল্লাহ ক্বাফি রতন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে আমাদের রিকশা শ্রমিক ভাইরা শহীদ হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে তারা চেয়েছিল বাংলাদেশ রাষ্ট্রের শোষণ-বৈষম্যমুলক ব্যাবস্থার অবসান হবে। কিন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট আমলের শাসন ব্যাবস্থাই কায়েম রয়েছে। শ্রমিক তার অধিকার চাইলে গুলি করে হত্যা করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদদের আত্বত্যাগে শুধু শাসক পরিবর্তন নয়, চাই শোষণ-বৈষম্যমুলক ব্যবস্থার অবসান।
সমাবেশ শেষে শ্রমিকদের মিছিলটি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।